কবরে মৃতের নামফলক লাগানো কি জায়েজ

অনেক কবরে কখনও পাথর, কখনও টাইলস বা টিন কিংবা পাকার ওপর খোদাই করে মৃত ব্যক্তির নাম-পরিচয়, মৃত্যুর তারিখ লেখা হয়। কেউ কেউ কোরআনের আয়াত বিশেষ লিখে রাখেন। আবার কেউ মৃতের প্রশংসামালা বা কবিতা পর্যন্ত লিখে রাখেন। প্রশ্ন হলো, কবরের ওপর বা পাশে মৃতের নামফলক লাগানো জায়েজ কি না?
মৃতের কবরের ওপর বা পাশে কোরআনের আয়াত, দোয়া, কবিতা বা প্রশংসা-স্তুতিমূলক বাক্য লিখে রাখা নিষেধ। হাদিসে কবরের ওপর বা পাশে কোনো কিছু লিখতে নিষেধ করা হয়েছে। হজরত জাবের (রা.) বলেন, ‘নবী (সা.) কবর পাকা করা, তার ওপর লেখা, কবরের ওপর ঘর নির্মাণ করা এবং তা পদদলিত করতে নিষেধ করেছেন।’ (জামে তিরমিজি, হাদিস: ১০৫২)
কোনো কোনো আলেম বলেছেন, কবর শনাক্ত করার প্রয়োজন হলে মৃতের নাম ও সংক্ষিপ্ত পরিচয় লিখে রাখার অবকাশ আছে। হজরত উসমান বিন মাজউন (রা.)-এর কবরের পাশে এ উদ্দেশ্যেই নবী (সা.) পাথর রেখেছিলেন এমন বর্ণনা হাদিসে এসেছে। (সুনানে আবু দাউদ, হাদিস: ৩১৯৮)
এ বর্ণনার আলোকে ইসলাম বিশেষজ্ঞরা বলেছেন, কবর পরিচয়ের স্বার্থে কবরের পাশে মৃতের নাম ও সংক্ষিপ্ত পরিচয় লিখে রাখার অনুমতি রয়েছে।
মুসলমানের উচিত, কবরকে জাঁকজমকপূর্ণ না করে সরল রাখা এবং মৃত ব্যক্তির জন্য বেশি বেশি দোয়া ও মাগফিরাত কামনা করা। কারণ, মৃতুর পর মানুষের জন্য সবচেয়ে বড় উপকার হলো, জীবিতদের আন্তরিক দোয়া ও নেক আমল।
ঢাকা থেকে প্রকাশিত আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ সম্পাদিত মাসিক আল-কাউসারের এক ফতোয়ায় বলা হয়েছে, মৃত ব্যক্তির কবরের ওপর বা পাশে কোরআনের আয়াত, দোয়া, কবিতা বা প্রশংসা-স্তুতিমূলক বাক্য লিখে রাখা নিষেধ। হাদিসে কবরে লিখতে নিষেধ করা হয়েছে। অবশ্য কখনও কবর শনাক্ত করার প্রয়োজন হলে মৃতের নাম ও সংক্ষিপ্ত পরিচয় লিখে রাখার অবকাশ আছে।’ (আদ-দুররুল মুখতার, খণ্ড: ২, পৃষ্ঠা: ২৩৭; বাদায়েউস সানায়ে, খণ্ড: ২, পৃষ্ঠা: ৬৫)
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ আস-সুন্নাহ ফাউন্ডেশনের ইউটিউবে এক প্রশ্নের জবাবে বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) কবরের ওপর কোনো কিছু লিখতে নিষেধ করেছেন। কবরের ওপর কোনো কিছু লেখা অনুচিত। কোনো কোনো আলেম মৃতের নাম এবং তারিখ লেখার অনুমোদন দিয়েছেন, শুধু কবর চিহ্নিত করার প্রয়োজনে। জিয়ারত করতে যেন সুবিধা হয়। তাই বড়জোর মৃতের নাম এবং মৃত তারিখ লিখে রাখা যেতে পারে, যাতে কবর চেনা যায়। এর বাইরে প্রশংসামালা, কোরআনের আয়াত বা অন্য কোনো কিছু ইত্যাদি লেখা রাখা সম্পূর্ণ নিষেধ।’
.png)


