Advertisement

জিনদের কি প্রযুক্তিগত দক্ষতা আছে

এশিয়া পোস্ট ডেস্ক
জিনদের কি প্রযুক্তিগত দক্ষতা আছে
আরবিতে লেখা ‘সুরাতুল জিন’ ও পবিত্র কোরআন। ছবি: সংগৃহীত

অতীত ও বর্তমানের অসংখ্য মানুষ নানাভাবে জিনের অস্তিত্ব টের পেয়েছে। অনেকে অবশ্য বুঝে উঠতে পারেনি যে, সেগুলো জিন ছিল। কেউ তাদের ভেবেছে আত্মা, কেউ অদৃশ্য মানব, কেউ ভিনগ্রহের প্রাণী; কেউ আবার এরকম কোনো কিছু। কোরআন ও হাদিসের বিভিন্ন জায়গায় জিনদের অস্তিত্বের বিষয়টি সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। জিনদের অস্তিত্বের চাক্ষুষ একটি প্রমাণ হচ্ছে, রাসুলুল্লাহ (সা.) নিজ চোখে তাদের দেখেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন, শিক্ষা দিয়েছেন এবং তাদের কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন। আল্লাহ বলেন, ‘বল, আমার কাছে ওহি বা প্রত্যাদেশ করা হয়েছে যে, জিনদের একটি দল মনোযোগ দিয়ে (কোরআন) শুনেছে। এরপর তারা বলেছে, ‘আমরা এক অতি আশ্চর্যজনক কোরআন শুনেছি।...কতক মানুষ কতক জিনের আশ্রয় নিত, এর দ্বারা তারা জিনদের গর্ব অহংকার বাড়িয়ে দিয়েছে।’ (সুরা জিন, আয়াত: ১ ও ৬)

জিনরা রাসুলুল্লাহ (সা.)-এর কাছে খাবার চেয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা এ দুটি জিনিস (হাড় ও গোবর) দিয়ে ইসতেঞ্জা করবে না। কেননা তা তোমাদের (জিন) ভাইদের খাবার।’ (জামিয়ুত তিরমিজি, হাদিস: ১৮)

জিনদের আছে প্রযুক্তিগত জ্ঞান। আছে নির্মাণকাজে বেশ সক্ষমতা। ধারণা করা হয়, এ বিষয়ে তাদের জ্ঞান মানুষের থেকেও বেশি। স্থাপত্য নির্মাণের জন্য তাদের আছে বিশেষ যন্ত্রপাতি। সুলাইমান (আ.) জিনদের দিয়ে এমন সব বিরাট বিরাট কাজ করিয়েছেন, যেগুলো বেশ শক্তি, বুদ্ধি ও নির্মাণশিল্পে বিশেষ দক্ষতা ছাড়া সম্ভব নয়। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘সুলাইমানের অধীন করেছিলাম বায়ুকে—যা সকালে এক মাসের পথ এবং সন্ধ্যায় এক মাসের পথ অতিক্রম করত এবং তার জন্য প্রবাহিত করেছিলাম তামার ঝরনা। আর ছিল এমন জিন, যারা তার প্রতিপালকের অনুমতিক্রমে তার সামনে কাজ করত। তাদের কেউ যদি আমার আদেশ থেকে বিমুখ হতো, তাহলে তাকে জ্বলন্ত আগুনের শাস্তি ভোগ করাতাম। তারা সুলাইমানের ইচ্ছামতো নির্মাণ করত উঁচু ভবন, ভাস্কর্য, হাউসের মতো বৃহদাকার পাত্র ও চুল্লির ওপর বিশাল ডেকচি। হে দাউদের পরিবার, কৃতজ্ঞতার সঙ্গে কাজ করো। আর আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ।’ (সুরা সাবা, আয়াত: ১২-১৩)

এসব কাজের জন্য প্রয়োজন নির্মাণশিল্পে বিশেষ দক্ষতা, তীক্ষ্ণ-বুদ্ধি ও সামর্থ্য। ইমাম বাগাবি (রহ.) বলেন, ‘জিনদের মাধ্যমে যেসব নির্মাণকাজ সম্পাদিত হয়েছে, মসজিদুল আকসা সেগুলোর মধ্যে অন্যতম। উচ্চতায় এক মানুষ পরিমাণ কাজ করার পর দাউদ (আ.) মারা যান। পরে তার ছেলে সুলাইমানকে আল্লাহ এই কাজের দায়িত্ব দেন। জিন জাতি সুলাইমান (আ.)-এর অধীনে থাকায় তিনি সবাইকে একত্রিত করে আলাদা আলাদা কাজে নিয়োগ দেন। পুরো পৃথিবী থেকে আনা সোনা-রুপা, হিরা-জহরত, মনিমুক্তা ও সাদা পাথরে মসজিদটি এমনভাবে নির্মাণ করা হয়েছিল, ঘোর অমাবস্যার রাতেও তা পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বল করত। বুখতেনসর সেখানে ধ্বংসযজ্ঞ চালানোর আগ পর্যন্ত তেমনই ছিল। এছাড়াও সুলাইমান (আ.) জিনদের দিয়ে ইয়েমেনে পাথরের অনেক বড় বড় দালান-কোঠা নির্মাণ করেছিলেন।’ (তাফসিরুল বাগাবি, খণ্ড: ৩, পৃষ্ঠা: ৬৭৩-৬৭৪)

জিনেরা শুধু সুলাইমান (আ.)-এর জন্যই নয়, বরং তারা নিজেদের বা অন্যান্য মানুষের জন্যও স্বেচ্ছায় এমন অনেক কাজ করেছে, যা আধুনিক প্রযুক্তির মাধ্যমেও করা দুষ্কর। অনেকেই মিশরের পিরামিড বা ইংল্যান্ডের স্টোনহেঞ্জের মতো কীর্তিগুলোকে জিনদের তৈরি বলে দাবি করেছেন। অবশ্য এ সম্পর্কে সুস্পষ্ট কোনো প্রমাণ নেই।