logo

সৌদি পৌঁছেছেন ৫৭ হাজার ৫২৬ বাংলাদেশি হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৫৭ হাজার ৫২৬ বাংলাদেশি হজযাত্রী
মক্কার কাবাঘর তাওয়াফ করছেন হাজিরা। ২০২৫ সালে হজের মৌসুমে তোলা। ছবি: আরব নিউজ

পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৫৭ হাজার ৫২৬ হজযাত্রী। সরকারি-বেসরকারি মোট ১৪৮টি ফ্লাইটে সৌদিতে পৌঁছান তারা।

শুক্রবার (১৫ মে) ঢাকা হজ অফিস থেকে পাঠানো সবশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শুক্রবার সকাল ১০টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৩টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছান ২৮ হাজার ৮৩৪ জন, সৌদি এয়ারলাইনসের ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৫৬ হজযাত্রী সৌদি আরব পৌঁছান।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য বলছে, এ বছর এখন পর্যন্ত সৌদি আরবে গিয়ে বাংলাদেশি ১৪ হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত যেসব হজযাত্রী মারা গেছেন তাদের মধ্যে দশজন পুরুষ ও চারজন নারী। তাদের মধ্যে ১১ জন পবিত্র মক্কায় ও তিনজন মদিনায় মারা গেছেন।

বাংলাদেশ থেকে এ বছরের প্রথম হজ ফ্লাইটটি যাত্রা করে ১৮ এপ্রিল। ওই দিন ৪১৮ হজযাত্রী নিয়ে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়।

এবার সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন ৫ হাজার ৫৬৫ জন। বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন।

চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং তা শেষ হবে ১ জুলাই।