ঘরে মৃত মানুষের ছবি টানানো যাবে কি

আল্লাহ মানুষের পরস্পরের প্রতি দয়া-মায়া ও ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। তাই একজনের খুশিতে অপরজন আনন্দিত হয়, বিপদ বা দুঃখের দিনে কাঁদে। প্রিয়জন হারানোর বেদনা মানুষকে প্রায়ই কাঁদায়। যন্ত্রণা দেয়। তাই মৃতকে মানুষ স্মরণে রাখতে চায়। স্মৃতিতে জাগরুক রাখতে চায়। এই স্মরণ বা তার স্মৃতিকে জাগরুক রাখতে গিয়ে কেউ কেউ ঘরের মধ্যে মৃত মানুষের ছবি টাঙিয়ে দেন। প্রশ্ন হলো, ঘরের মধ্যে মৃত মানুষের ছবি টাঙানো যাবে কি না?
ইসলামি শরিয়া মতে, ঘরে বা বাইরে কোনো প্রাণীর ছবি টাঙিয়ে রাখা কিংবা প্রদর্শনী করা নাজায়েজ। এ কারণে ওই স্থানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘ফেরেশতারা এমন ঘরে প্রবেশ করে না যাতে কোনো কুকুর রয়েছে এবং এমন ঘরেও না, যাতে কোনো (প্রাণীর) ছবি রয়েছে।’ (সহিহ বুখারি, হাদিস: ৩৩২২)। তাই ঘরের মধ্যে মৃত বা জীবিত, কারও ছবি টানানো জায়েজ নেই।
হজরত ইবনে আব্বাস (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) কাবাঘরে প্রবেশ করে ইবরাহিম (আ.) ও মরিয়ম (আ.)-এর ছবি দেখেন। তখন তিনি বলেন, যে ঘরে প্রাণীর ছবি থাকবে, সে ঘরে ফেরেশতারা প্রবেশ করেন না।’ (সহিহ বুখারি, হাদিস: ৩৩৫১)
ইসলামি বিধান মতে, মানুষ বা জীবজন্তুর ছবি ঘরে টানানো বৈধ নয়। চাই সে জীবিত হোক বা মৃত। ঘরে কোনো ছবি থাকলে তা নামিয়ে ফেলা বা নষ্ট করে ফেলা কর্তব্য।
ঢাকা থেকে প্রকাশিত আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ সম্পাদিত মাসিক আল-কাউসারের এক ফতোয়ায় বলা হয়েছে, ‘ঘরে-বাইরে কোনো প্রাণীর ছবি টাঙিয়ে রাখা কিংবা প্রদর্শনী হয় এভাবে খোলা রাখা নাজায়েজ। এ কারণে ওই জায়গায় রহমতের ফেরেশতা প্রবেশ করে না। মানুষ বা জীবজন্তুর ছবি ঘরে টাঙানো থাকলে তা নামিয়ে ফেলা এবং তা নষ্ট করে ফেলা উচিত। বিনা প্রয়োজনে ছবি উঠানো নাজায়েজ। হাদিস শরিফে ছবি উঠানোর বিষয়ে নিষেধাজ্ঞা ও কঠোর ধমকি এসেছে।’
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এক প্রশ্নের জবাবে বলেন, ‘কোনো বাসাবাড়িতে মানুষ বা কোনো প্রাণীর ছবি টানানো বা প্রাণীর ভাস্কর্য রাখা হারাম। হজরত মুহাম্মদ (সা.) ঘরের মধ্যে প্রাণীয় ছবি টাঙাতে নিষেধ করেছেন।’
