মসজিদে প্রবেশ ও বের হওয়ার দোয়া

মসজিদ আল্লাহর ঘর। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। পৃথিবীতে আল্লাহর প্রিয় স্থান। মসজিদে ইবাদত, আমল ও জিকির করা হয়। প্রতিদিন পাঁচ বার নামাজ পড়তে সেখানে উপস্থিত হন মুসল্লিরা। এ ছাড়া অনেকে নানা কারণে মসজিদে উপস্থিত হন। এখানে অবস্থানের অনেক শিষ্টাচার রয়েছে। মসজিদে প্রবেশে পবিত্রতা পূর্বশর্ত। অপবিত্রতা নিয়ে মসজিদে প্রবেশ উচিত নয়।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ। আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার।’ (সহিহ মুসলিম, হাদিস: ১৪১৪)
মসজিদে প্রবেশের ও বের হওয়ার দোয়া এবং নিয়মনীতি রয়েছে। মসজিদে প্রবেশের সময় আল্লাহর কাছে রহমতের দোয়া করা উত্তম।
মসজিদে প্রবেশের দোয়া
মসজিদে প্রবেশের সময় প্রথমে ডান পা দিয়ে প্রবেশ করতে হয়। প্রবেশের সময় আল্লাহর নাম স্মরণ করা ও দরুদ পড়াও সুন্নত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ মসজিদে প্রবেশকালে যেন প্রথমে নবী (সা.)-এর ওপর সালাম পাঠ করে যেন এই দোয়া বলে। দোয়াটি হলো—
اللَّهمَّ افتَحْ لِيْ أبوابَ رَحْمَتِك
উচ্চারণ: আল্লাহুম্মাফ তাহলি আবওয়াবা রহমাতিক।
অর্থ: হে আল্লাহ, আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দিন। (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৬৬)
বিসমিল্লাহ ও দরুদসহ দোয়াটি এভাবে পড়া যায়—
بِسْمِ اللهِ الصَّلّاةُ وَالسَّلاَمُ عَلَى رَسُولِ اللَّهِ اللَّهمَّ افتَحْ لِيْ أبوابَ رَحْمَتِك
উচ্চারণ: বিসমিল্লাহি ওয়াস সালাতু, ওয়াস সালামু, আলা রাসুলিল্লাহ, আল্লাহুম্মাফ তাহলি আবওয়াবা রাহমাতিক।
অর্থ: আল্লাহ তাআলার নামে শুরু করছি, দরুদ ও শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসুলের প্রতি। হে আল্লাহ, আপনার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দিন। (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৬৩৩)
মসজিদ থেকে বের হওয়ার দোয়া
মসজিদে প্রবেশে যেমন দোয়া পড়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে, তেমনি বের হওয়ার সময়ও দোয়া পাঠের বর্ণনা এসেছে। দোয়ার পাশপাশি রয়েছে আদবও। মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা প্রথমে বাইরে দিতে হয়। পরে বিসমিল্লাহ ও দরুদসহ বের হওয়ার দোয়া পড়তে হবে। দোয়াটি হলো—
بِسْمِ اللَّهِ وَالصّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِك
উচ্চারণ: বিসমিল্লাহি ওয়াস সালাতু, ওয়াস সালামু, আলা রাসুলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিকা।
অর্থ: আল্লাহর নামে (বের হচ্ছি)। আল্লাহর রাসুলের ওপর দরুদ ও শান্তি বর্ষিত হোক। হে আল্লাহ! আপনি আমার জন্য আপনার দয়ার দরজাগুলো খুলে দিন। (সুনানে আবু দাউদ : ১/১২৬)