logo

কাপড়ে পাখির বিষ্ঠা থাকলে নামাজ হবে?

কাপড়ে পাখির বিষ্ঠা থাকলে নামাজ হবে?

ইসলাম পূর্ণাঙ্গ জীবনব্যবস্থার নাম। এটি আল্লাহর মনোনীত ধর্ম। মানুষের জীবনের সব ধরনের সমস্যার সমাধান আছে ইসলামে। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের সব বিষয়ের যথোপযুক্ত ও সুষ্ঠু সমাধান আছে এ ধর্মে। 

পবিত্রতা ইসলামের অন্যতম বিধান। আল্লাহ পবিত্রতা ভালোবাসেন। আল্লাহ বলেন, ‘হে নবী পরিবার, আল্লাহ তো শুধু চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদের সম্পূর্ণরূপে পবিত্র করতে।’ (সুরা আহজাব, আয়াত : ৩৩)

নামাজসহ বেশকিছু বিধান পালনে অজু লাগে। পবিত্র কাপড় ও শরীর লাগে। অনেকে জানতে চান, পাখির বিষ্ঠা লাগলে কাপড় নাপাক হবে কি না? 

ইসলামি স্কলাররা বলেন, যেসব পাখি হিংস্র নয় এবং যাদের গোশত খাওয়া হালাল, এসব পাখির বিষ্ঠা পবিত্র। যেমন, চড়ুই, টুনটুনি, কবুতর ইত্যাদি। তাই কাপড়ে কবুতরের বিষ্ঠা লাগলেও কাপড় বা শরীর অপবিত্র হবে না। কাপড়ে কবুতরের বিষ্ঠা থাকা অবস্থায় নামাজ পড়লে নামাজও হবে। (আলমুহিতুর রাজাবি, ১/১৩৭; মাজমাউল আনহুর, ১/৫৩)

কাক ও চিলের মতো যেসব হিংস্র পাখির গোশত খাওয়া হারাম, সেগুলোর বিষ্ঠাও নাপাক। এসব পাখির বিষ্ঠা কাপড়ে লাগলে কাপড় অপবিত্র হয়ে যাবে। পবিত্র করা ছাড়া নামাজ আদায় হবে না। 

যে কোনো পাখির বিষ্ঠা বা ময়লা-আবর্জনা কাপড়ে লাগলে তা পরিষ্কার করে নামাজ আদায় করাই কাম্য। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘পবিত্রতা ইমানের অঙ্গ।’ আরেক বর্ণনায় আছে, ‘পবিত্রতা ইমানের অর্ধেক।’ (সহিহ মুসলিম, মিশকাত, পৃষ্ঠা : ৩৮)