logo

সুরা কাউসারের বাংলা উচ্চারণ ও অর্থ

সুরা কাউসারের বাংলা উচ্চারণ ও অর্থ
সৌদি আরবের মসজিদে নববিতে শিক্ষকের কাছে কোরআন শিখছেন শিশুরা। ছবি: হারামাইন

পবিত্র কোরআনের সব থেকে ছোট সুরা হলো ‍সুরা কাউসার। মক্কায় অবতীর্ণ সুরাটির আয়াত সংখ্যা মাত্র তিনটি। এটি কোরআনের ১০৮তম সুরা।

কাউসার অর্থ অগণিত কল্যাণ, অবারিত বরকত। হাদিসে আছে, কাউসার জান্নাতে একটি বিশেষ নদীর নাম। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কাউসার হলো জান্নাতের একটি নদী, আমার প্রভু আমাকে তা দান করেছেন। এর পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি এবং এর কিনারায় সোনার পাত্র রয়েছে।’ (সহিহ মুসলিম, হাদিস: ৬০০২)

সুরা কাউসার ছোট হলেও এর তাৎপর্য অপরিসীম। হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনের এক কঠিন মুহূর্তে এই সুরা অবতীর্ণ হয়।

মক্কার কাফেররা মহানবী (সা.)-কে বিদ্রুপ করে ‘আবতার’ (বংশহীন) বলত। আল্লাহ তাআলা এই সুরা নাজিল করে তাঁকে সান্ত্বনা দেন এবং ঘোষণা করেন, ‘নবীজির মর্যাদা চিরস্থায়ী, আর তাঁর শত্রুরাই ইতিহাস থেকে মুছে যাবে। (ইবনে কাসির, খণ্ড: ৪, পৃষ্ঠা: ৬৭৪)

সুরা কাউসার। ছবি: গণমাধ্যম থেকে নেওয়া
সুরা কাউসার। ছবি: গণমাধ্যম থেকে নেওয়া

আয়াত: ১

اِنَّاۤ اَعۡطَيۡنٰكَ الۡكَوۡثَرَؕ

উচ্চারণ: ইন্না আতাইনা কাল কাউসার।

অর্থ: নিশ্চয়ই আমি আপনাকে কাউসার (অবারিত বরকত) দান করেছি।

আয়াত: ২

فَصَلِّ لِرَبِّكَ وَانۡحَرۡ ؕ

উচ্চারণ: ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার।

অর্থ: কাজেই আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করুন এবং কোরবানি করুন।

আয়াত: ৩

اِنَّ شَانِئَكَ هُوَ الۡاَبۡتَرُ

উচ্চারণ: ইন্না শানি আকা হুওয়াল আবতার।

অর্থ: নিশ্চয়ই আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীই নির্বংশ।