Advertisement

রাতে ঘুম না এলে যে দোয়া পড়তে বলেছেন মহানবী (সা.)

এশিয়া পোস্ট ডেস্ক
রাতে ঘুম না এলে যে দোয়া পড়তে বলেছেন মহানবী (সা.)
ঘুমানোর আগে দোয়া করছেন এক কিশোর। ছবি: সংগৃহীত

ঘুমের জন্য সবচেয়ে উপযোগী সময় রাত। আল্লাহ রাত বানিয়েছেন ঘুমের জন্য। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আমি তোমাদের বিশ্রামের জন্য নিদ্রা দিয়েছি। তোমাদের জন্য রাতকে করেছি আবরণস্বরূপ। দিনকে বানিয়েছি তোমাদের কাজের জন্য।’ (সুরা নাবা, আয়াত: ৯-১১)

Advertisement

রাতে যথাসম্ভব তাড়াতাড়ি ঘুমানো উচিত। ঘুমানোর সময় ফজর নামাজ পড়ার নিয়ত করে ঘুমানো মুমিনের ইমানি দায়িত্ব। রাত জেগে কাজ করার তাগাদা থাকলেও ফজর নামাজের বিষয়টি মাথায় রাখা উচিত।

অনেকে আছেন রাতের শুরুতে বা দ্রুত ঘুমিয়ে পড়তে চান, কিন্তু ঘুম আসে না। চোখ বন্ধ করে রাখলেও মাথায় নানা চিন্তা ঘুরে। ঘুম আসতে চায় না। হজরত মুহাম্মদ (সা.)-এর সময় এক সাহাবিরও এরকম হতো। তিনি আগে আগে ঘুমানোর অনেক চেষ্টা করতেন। অনেক দোয়া পড়তেন। তবুও তার ঘুম আসত না।

সাহাবির নাম ছিল জায়িদ ইবনে সাবিত (রা.)। তিনি ছিলেন বিখ্যাত ওহি (রাসুলুল্লাহ (সা.)-এর ওপর কোরআন নাজিল হলে তা শুনে শুনে লিখতেন তিনি) লেখক। তিনি একদিন আল্লাহর রাসুলের কাছে গিয়ে তার অনিদ্রার কথা জানালেন। মহানবী (সা.) তাকে একটি দোয়া শিখিয়ে দিলেন। দোয়াটি হলো,

اللَّهُمَّ غَارَتِ النُّجُومُ، وَهَدَأَتِ العُيُونُ، وَأَنْتَ حَيٌّ قَيُّومٌ، لَا تَأْخُذُكَ سِنَةٌ وَلَا نَوْمٌ، يَا حَيُّ يَا قَيُّومُ، أَهْدِئْ لِي لَيْلِي، وَأَنِمْ عَيْنِي

উচ্চারণ: আল্লাহুম্মা গারাতিন নুজুমু, ওয়া হাদাআতিল উয়ুনু, ওয়া আনতা হাইয়ুন কাইয়ুমুন, লা তা খুজু কা ছিনাতুন ওয়ালা নাওম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু, আহদি লি লাইলি, ওয়া আনিম আইনি।

অর্থ: হে আল্লাহ, আকাশের তারাগুলো নিভে যাচ্ছে, কিন্তু আমার চোখ এখনও জাগ্রত। আর আপনি চিরঞ্জীব ও চিরস্থায়ী, ঘুম বা তন্দ্রা আপনাকে পরাভূত করতে পারে না। হে চিরঞ্জীব ও চিরস্থায়ী, আমার রাতকে প্রশান্তিময় করুন এবং আমার চোখে ঘুম এনে দিন। (তাবরানি, হাদিস: ৪৮১৭)

এই দোয়ার আমল করার পর জায়িদ ইবনে সাবিত (রা.)-এর অনিদ্রা সমস্যা কেটে যায়।