বিছানার ওপর নামাজ পড়া কি জায়েজ

এশিয়া পোস্ট ডেস্ক
বিছানার ওপর নামাজ পড়া কি জায়েজ
ছবি: সংগৃহীত

নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামের ফরজ বিধান। প্রাপ্তবয়স্ক মুসলমানের ওপর পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। আল্লাহ বলেন, ‘তোমরা নামাজ কায়েম করো, জাকাত আদায় করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো।’ (সুরা বাকারা, আয়াত: ৪৩)।

কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, এ থেকেও নামাজের গুরুত্বের বিষয়টি বুঝে আসে। একা নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ আদায় করার গুরুত্ব অনেক বেশি। হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘জামাতে নামাজ আদায় করা একাকী নামাজ আদায় করার চেয়ে ২৭ গুণ বেশি সওয়াবের।’ (সহিহ বুখারি, হাদিস: ৬৪৫)

জামাতে নামাজ পড়া ওয়াজিব। বিনা কারণে জামাত ছেড়ে দেওয়া বড় পাপ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আজান শুনল এবং তার কোনো অপারগতা না থাকা সত্ত্বেও জামাতে উপস্থিত হলো না, তার নামাজ হবে না।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৭৯৩)

কোনো কারণে জামাত ছুটে গেলে একাকী নামাজ আদায় করতে হয়। এ ক্ষেত্রে ঘরেই নামাজ পড়ে নেন কেউ কেউ। অনেকে জানতে চান, ঘরের বিছানায় নামাজ পড়লে হবে কি না?

ইসলামি বিশেষজ্ঞরা বলেন, নামাজের মধ্যে ১৩টি ফরজ আছে। এর মধ্যে জায়গা পবিত্র হওয়া অন্যতম শর্ত। তাই বিছানা পবিত্র হলে সেখানে নামাজ আদায়ে কোনো অসুবিধা নেই। তবে বিছানার তোশক নরম হওয়ার ফলে যদি রুকু-সেজদা করার সময় শরীরের ভারসাম্য রক্ষা করতে অসুবিধা হয় কিংবা নামাজের রুকনগুলো আদায়ে অসুবিধা হয়, তাহলে বিছানায় নামাজ না পড়াই ভালো।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যখন তুমি সেজদা করবে, তখন কপাল ভালোভাবে জমিনের সঙ্গে লাগাবে, যাতে করে জমিনের কাঠিন্য অনুভব হয়।’ (মুসনাদে আহমাদ, হাদিস: ২৬০৪)

‘মুসলিম বাংলা’র এক ফতোয়া বলা হয়েছে, ‘কম্বল, তোশক, গদি বা এ জাতীয় নরম বিছানায় নামাজ পড়া নিষেধ নয়, তবে সেজদা করার সময় কপাল ও নাক ভালোভাবে লাগাতে হবে, যাতে শক্ত অনুভব হয়। আর যদি সেজদার জায়গা এতটা তুলতুলে নরম হয় যে, সেজদার সময় চাপ পড়লে মোটেও শক্ত অনুভব হয় না এবং কপালকে চাপ দিয়ে স্থিরভাবে লাগানো যায় না, তাহলে এতে সেজদা করা বৈধ হবে না।’

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ইউটিউবে এক প্রশ্নের জবাবে বলেন, ‘বিছানা পবিত্র হলে সেখানে নামাজ আদায় করতে কোনো অসুবিধে নেই। তবে বিছানার তোশক নরম হওয়ার ফলে রুকু-সেজদা করার সময় যদি শরীরের ভারসাম্য রক্ষা করতে অসুবিধা হয় কিংবা ঠিকভাবে নামাজের রুকনগুলো আদায়ে অসুবিধা হয়, তাহলে বিছানায় নামাজ আদায় করা নিষিদ্ধ।’