গরমকে গালি দেওয়ার ভয়াবহতা সম্পর্কে জেনে নিন

বেশ কিছু দিন ধরে দেশে তীব্র গরম পড়েছে। গরমে অতিষ্ঠ জনজীবন। প্রচণ্ড গরমে মাঠে-ময়দানে কাজ করা মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শ্রমিক ও খেটে-খাওয়া মানুষকে এ সময় বড় রকমের ধকল পোহাতে হয়। গরমে অতিষ্ঠ হয়ে কেউ কেউ গরমকে গালি দেন। প্রশ্ন হলো, গরমকে গালি দেওয়া যাবে কি না।
গালি দেওয়া ইসলামে হারাম। হাসি-ঠাট্টা ছলেও গালি দেওয়া নিষেধ। গালি দেওয়া কোনো মুমিনের কাজ নয়। এটা মুনাফিকদের স্বভাব। গালি দেওয়ার পরিণতি অত্যন্ত ভয়াবহ। মানুষ তো দূরের কথা, কোনো প্রাণী বা আল্লাহর কোনো সৃষ্টিকেই গালি দেওয়া যাবে না। আল্লাহ বলেন, ‘যারা বিনা অপরাধে ইমানদার পুরুষ ও নারীদের কষ্ট দেয়, তারা অবশ্যই মিথ্যা অপবাদ এবং স্পষ্ট অপরাধের বোঝা বহন করে।’ (সুরা আহজাব, আয়াত: ৫৮)
কারণে-অকারণে সময়কে গালি দেওয়া যাবে না। রোগবালাইকে গালি দেওয়া নিষেধ। পশু বা বাতাসকে গালি দিতে নিষেধ করেছেন হজরত মুহাম্মদ (সা.)। আবু হুরায়রা (রা.) বলেন, ‘আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, বাতাস আল্লাহর এক হুকুম, তা কখনও রহমত নিয়ে আসে, আবার কখনও আজাব নিয়ে আসে। তুমি যখন বাতাস দেখবে তখন তাকে গালি দেবে না। বরং আল্লাহর কাছে এর থেকে কল্যাণ কামনা করবে এবং এর অকল্যাণ থেকে তাঁর আশ্রয় চাইবে।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৫০৯৭)
গরম হলো তাপ। এর কোনো অবয়ব বা শরীর নেই। এটি অনুভব করা যায়, স্পর্শ করা যায় না। গরম তো গালির যোগ্য নয়। গালি গরমের ওপর পড়ে না। যেহেতু গালি গরমের ওপর পড়ে না, তাই এটি ব্যক্তির ওপর ফিরে আসে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কেউ কাউকে অভিশাপ দিলে অভিশাপ আকাশের দিকে অগ্রসর হয়। আকাশে ওঠার পথ বন্ধ করে দেওয়া হয়। তখন তা পুনরায় দুনিয়ায় প্রত্যাবর্তনের জন্য রওনা হয়, কিন্তু দুনিয়াতে আসার পথও বন্ধ করে দেওয়ায়। সে ডানে-বামে যাওয়ার চেষ্টা করে। অবশেষে পথ না পেয়ে যাকে অভিশাপ করা হয়েছে তার কাছে ফিরে আসে। সে অভিশাপের যোগ্য হলে তার ওপর পড়ে, অন্যথায় অভিশাপকারীর ওপরই তা পড়ে।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৯০৫)
গরমকে অভিশাপ দেওয়া নিকৃষ্ট কাজ। ইসলাম অভিশাপ দিতে বরাবরই নিরুৎসাহিত করেছে। নিষেধ করেছে। তারপরও অনেক অভিশাপ দেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘পরস্পর গাল-মন্দকারী উভয়ে দুটি শয়তান। তারা পরস্পরের নিন্দা করে এবং মিথ্যা কথা বলে।’ (মুসনাদে আহমদ, হাদিস: ১৬৮৩৬)
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ইউটিউবে এক প্রশ্নের জবাবে বলেন, ‘অনেকের বদঅভ্যাস আছে, বেশি গরম পড়লে গরমের চৌদ্দগোষ্ঠী তুলে গালি-গালাজ করে। গরমকে গালি-গালাজ করা যাবে না। গালি তো গরমের গায়ে ওপর পড়ে না। তাই অপাত্রে গালি-গালাজ বা অভিশাপ করলে সেটি ওই ব্যক্তির ওপর পতিত হয়।’
.png)

