logo
Advertisement

স্বপ্নে ভালোমন্দ দেখলে যেসব আমল করবেন 

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
স্বপ্নে ভালোমন্দ দেখলে যেসব আমল করবেন 

ঘুমের মধ্যে মানুষ নানা রকম স্বপ্ন দেখে। সুন্দর স্বপ্ন মানুষকে আনন্দ দেয়। দুঃস্বপ্ন মানুষকে অস্থির করে তোলে। সত্য ও ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়। তাই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। মন্দ স্বপ্ন হয় শয়তানের পক্ষ থেকে। তখন আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। স্বপ্নে ভালোমন্দ দেখার করণীয় হলো—

Advertisement

আল্লাহর প্রশংসা
আবু সাইদ খুদরি (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে। তোমাদের মধ্যে যে ভালো স্বপ্ন দেখে সে যেন আল্লাহর প্রশংসা করে এবং তা মানুষের কাছে প্রকাশ করে।’ (সহিহ মুসলিম, হাদিস : ২২৬১)। কোনো কোনো হাদিসে আপনজন ছাড়া স্বপ্নের কথা জানাতে নিষেধ করা হয়েছে। 

শয়তান থেকে আশ্রয় প্রার্থনা
মন্দ স্বপ্ন দেখলে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হাদিসে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মন্দ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। মন্দ স্বপ্ন দেখলে শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় চাইবে। এমন স্বপ্ন কারও কাছে প্রকাশ করা যাবে না।’ (সহিহ বুখারি, হাদিস : ৬৯৮৫) 

থুতু ফেলা ও আউজুবিল্লাহ পড়া 
আবু কাতাদা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নেক স্বপ্ন বা ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে। কল্পনাপ্রসূত স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। যে অপ্রিয় স্বপ্ন দেখে, সে যেন বাঁ দিকে তিনবার থুতু ফেলার মতো করে ফুঁ দেয় এবং ‘আউজুবিল্লাহ’ পড়ে। কারণ, স্বপ্ন তাকে কোনো ক্ষতি করতে পারবে না।’ (সহিহ বুখারি, হাদিস : ৫৭৪৭)


 
নামাজ পড়া
আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ মন্দ স্বপ্ন দেখলে সে যেন তা কারও কাছে প্রকাশ না করে। বিছানা থেকে উঠে নামাজ পড়ে।’ (সুনানে তিরমিজি, হাদিস : ২২৯২) 

দোয়া পড়া
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ মন্দ স্বপ্ন দেখলে সে যেন বাঁ দিকে তিনবার হালকা থুথু ফেলে এ দোয়াটি পড়ে—

اللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ عَمَلِ الشَّيْطَانِ وَسَيِّئَاتِ الْأَحْلَامِ

বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন আমালিশ শাইতানি, ওয়া সাইয়িআতিল আহলাম।’

বাংলা অর্থ : হে আল্লাহ, আমি আপনার কাছে শয়তানের ফাঁদ ও মন্দ স্বপ্ন থেকে আশ্রয় চাই।