বাংলাদেশে আসছেন ভারত ও পাকিস্তানের দুই ইসলামিক আলোচক

বাংলাদেশ সফরে আসছেন আন্তর্জাতিক পরিমণ্ডলে সমকালীন ইসলামি চিন্তা, যুবসমাজের বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জ এবং শরিয়া বিষয়ে প্রাঞ্জল উপস্থাপনার জন্য পরিচিত ভারতের বিশিষ্ট আলেম ও ওয়াহইয়াইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুফতি শামায়েল নাদভী এবং পাকিস্তান ইউথ ক্লাবের ডাইরেক্টর ও ইসলামিক স্পিকার তোয়াহা বিন জলিল।
তাদের অংশগ্রহণে দুটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করছে সিয়ান পাবলিকেশন লিমিটেড।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সিয়ান পাবলিকেশনের ব্যবস্থাপনা পরিচালক আবু তাসমিয়া আহমদ রফিক জানান, প্রথম সেমিনারটি অনুষ্ঠিত হবে ২১ আগস্ট চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (আইআইসি) এবং দ্বিতীয় সেমিনার অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ঢাকার পিএসসি কনভেনশন হলে।
সেমিনার দুটিতে দেশ-বিদেশের বিশিষ্ট বক্তারা ইসলাম সম্পর্কে প্রচলিত নানা ভুল ধারণার জবাব, আধুনিক সমাজে ইসলামের প্রাসঙ্গিকতা এবং তরুণ প্রজন্মের বিশ্বাস, মূল্যবোধ ও জীবনদর্শন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বলে জানান আহমদ রফিক।
আয়োজকরা জানিয়েছেন, দুজন আন্তর্জাতিক বক্তার পাশাপাশি দেশের বিশিষ্ট আলেম ও গবেষকরাও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দেবেন। আগ্রহীরা event.seanpublication.com ওয়েবসাইটের মাধ্যমে সেমিনারের আসন বুক করতে পারবেন।
.png)


