সৌদি পৌঁছেছেন ৫৫৬৯৩ হজযাত্রী, মারা গেছেন আরও একজন

পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৫৫ হাজার ৬৯৩ হজযাত্রী। সরকারি-বেসরকারি মোট ১৪৩টি ফ্লাইটে সৌদিতে পৌঁছান তারা। এদিকে হজ পালনে গিয়ে আরও এক হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) ঢাকা হজ অফিস থেকে পাঠানো সবশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭০টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছান ২৭ হাজার ৭৮০ জন, সৌদি এয়ারলাইনসের ৫১টি ফ্লাইটে ১৯ হাজার ৪৫৭ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৫৬ হজযাত্রী সৌদি আরব পৌঁছান।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য বলছে, এ বছর এখন পর্যন্ত সৌদি আরবে গিয়ে ১৪ হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত যেসব হজযাত্রী মারা গেছেন তাদের মধ্যে দশজন পুরুষ ও চারজন নারী। এদের মধ্যে ১১ জন পবিত্র মক্কায় ও তিনজন মদিনায় মারা গেছেন।
বাংলাদেশ থেকে এ বছরের প্রথম হজ ফ্লাইটটি যাত্রা করে ১৮ এপ্রিল। ওই দিন ৪১৮ হজযাত্রী নিয়ে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়।
এবার সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন ৫ হাজার ৫৬৫ জন। বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন।
চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং তা শেষ হবে ১ জুলাই।
