logo
Advertisement

আজ পবিত্র শবেকদর 

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
আজ পবিত্র শবেকদর 

পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর আজ। মুসলমানদের কাছে আজ দিবাগত রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত। সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা এ রাত ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটান। 

মুসলিমরা ২৬ রমজানের দিবাগত রাতটিকেই শবেকদর ধরে অতি গুরুত্ব দেন। অধিকাংশ আলেমের মতে, ২৬ রমজানের দিবাগত রাতেই শবেকদর আসে। তবে ২০ রমজানের পর যে কোনো বিজোড় রাত শবেকদর হতে পারে। শবেকদর উপলক্ষে ২৭ রমজান (১৭ মার্চ, মঙ্গলবার) সরকারি ছুটি।  

কদরের রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। কদর নামে কোরআনে একটি স্বতন্ত্র সুরা আছে। সুরা কদর কোরআনের ৯৭তম সুরা। মক্কায় অবতীর্ণ এ সুরার আয়াত সংখ্যা পাঁচটি। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি কদরের রাতে। তা সম্পর্কে তুমি কী জান? কদরের রাত হাজারো মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এ রাতে ফেরেশতারা ও রুহ (জিবরাইল আ.) অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে। শান্তি বিরাজ করে ভোর হওয়া পর্যন্ত।’ (সুরা কদর, আয়াত: ১-৫)

কদর অর্থ নির্ধারণ করা বা মর্যাদা। লাইলাতুল কদরের অর্থ ভাগ্য নির্ধারণের রাত বা মর্যাদার রাত। এ রাতে মহান আল্লাহ সৃষ্টিকুলের আগামী এক বছরের ভাগ্যলিপি ফেরেশতাদের হাতে তুলে দেন। এ রাতে হজরত মুহাম্মদ (সা.)-এর উম্মতদের ভাগ্য নির্ধারণ করা হয়। তাদের সম্মান বৃদ্ধি করা হয়। এ রাতে আল্লাহর কাছে মুসলামনদেরকে প্রার্থনার আহ্বান জানিয়েছেন মুহাম্মদ (সা.)। 

এ রাতের ইবাদত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। এ রাতের নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির ও অন্যান্য আমল হাজার মাস ইবাদতের চেয়ে উত্তম। বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য মুসলিমরা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির এবং বেশি বেশি ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে এ রাতটি অতিবাহিত করেন। কেউ কেউ পবিত্র এ রাতে কবরস্থানে গিয়ে স্বজনদের কবর জিয়ারত করেন। 

 

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে রোববার (১৫ মার্চ) দেওয়া এক বাণীতে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দেশ ও জাতিকে অগ্রগতি, শান্তি, সম্প্রীতি এবং কল্যাণের পথে পরিচালিত করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। তিনি বলেন, ‘আমি কামনা করি, পবিত্র লাইলাতুল কদরের মহিমা আমাদের জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনুক।’

শবেকদর উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতিবছরের মতো এবারও আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। আজ মাগরিব নামাজের পর আলোচনা সভায় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল কদরের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মুহাম্মদ মিজানুর রহমান। সভায় প্রধান অতিথি থাকবেন ইসলামিক ফাউন্ডেশনর মহাপরিচালক আ. ছালাম খান। সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ।