উপুড় হয়ে শোয়া নিয়ে যা বলেছেন মহানবী (সা.)

মানুষের আরামের জন্য আল্লাহ তাআলা ঘুম দিয়েছেন। ঘুম আল্লাহর নেয়ামত ও অনুগ্রহ। বান্দার প্রতি আল্লাহর বিশেষ দয়া। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘তিনিই তোমাদের জন্য রাতকে আবরণ ও নিদ্রাকে আরামপ্রদ করেছেন এবং দিনকে করেছেন জাগ্রত থাকার সময়।’ (সুরা ফুরকান, আয়াত: ৪৭)
ঘুমের মাধ্যমে মানুষের ক্লান্তি ও অবসাদ দূর হয়। নতুন উদ্যমে কাজ করার শক্তি জোগায়। সঠিক ও নিয়মতান্ত্রিক ঘুম মানুষের স্বাস্থ্য সুস্থ রাখে। আল্লাহর হুকুম ও হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নত মোতাবেক ঘুমালে এটি ইবাদতও হয়। ঘুমের জন্য উপযোগী সময় রাত। আল্লাহ বলেন, ‘আমি তোমাদের বিশ্রামের জন্য নিদ্রা দিয়েছি। তোমাদের জন্য রাতকে করেছি আবরণস্বরূপ। দিনকে বানিয়েছি তোমাদের কাজের জন্য।’ (সুরা নাবা, আয়াত: ৯-১১)
রাসুলুল্লাহ (সা.) রাতের প্রথম অংশে ঘুমাতেন। তিনি ঘুমানোর আগে অজু করে নিতেন। ঝেড়ে নিতেন বিছানা। তিনি ডান দিকে হয়ে ঘুমাতেন। তিনি বলেছেন, ‘যখন তুমি বিছানায় যাবে, তখন নামাজের অজুর মতো অজু করে নেবে। এরপর ডান পাশে শুয়ে পড়বে।’ (সহিহ বুখারি, হাদিস: ২৪৭)
ঘুমানোর সময় রাসুলুল্লাহ (সা.) উপুড় হয়ে শুতে নিষেধ করেছেন। এর কারণ হিসেবে হাদিসে দুটি বিষয়কে চিহ্নিত করা হয়েছে। এক. আল্লাহ এভাবে শোয়া পছন্দ করেন না। দুই. এটি জাহান্নিদের শোয়া।
ইসলামি বিশেষজ্ঞরা বলেন, উপুড় হয়ে শোয়া গুনাহের কাজ নয়, তবে এটি মাকরুহ বা অপছন্দনীয়। আবু হুরায়রা (রা.) বলেন, ‘একবার রাসুলুল্লাহ (সা.) এক ব্যক্তিকে উপুড় হয়ে শুয়ে থাকতে দেখে বললেন, এ ধরনের শয়ন আল্লাহ তাআলা ভালোবাসেন না।’ (জামে তিরমিজি, হাদিস: ২৭৬৮)
আরেক হাদিসে আছে, আবু জর গিফারি (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) একবার আমাকে মসজিদের মধ্যে উপুড় হয়ে শুতে দেখে পা দিয়ে ধাক্কা মেরে বললেন, তোমার কি হলো। এমনভাবে ঘুমাও কেন? এমন ঘুম তো আল্লাহ ঘৃণা করেন।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩৭৯১)
হাদিসে উপুড় হয়ে শোয়াকে জাহান্নামের শয়ন বলা হয়েছে। আবু জর (রা.) বলেন, ‘আমি উপুড় হয়ে শুয়ে থাকা অবস্থায় নবী (সা.) আমার পাশ দিয়ে গেলেন। তিনি আমাকে তার পা দিয়ে খোঁচা মেরে বলেন, হে জুনাইদিব, এটা তো জাহান্নামের শয়ন।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩৭২৪)
হাদিস থেকে বোঝা যায়, মহানবী (সা.) কখনো উপুড় হয়ে ঘুমাতেন না। উপুড় হয়ে শোয়া আল্লাহ পছন্দ করেন না। এটি জাহান্নামিদের শয়ন। তাই আমাদের উচিত, এভাবে ঘুমাতে না যাওয়া।
