ইসলামি দলগুলোর সঙ্গে হেফাজতের বৈঠক আজ

ইমান-আকিদা সংরক্ষণ ও জাতির কল্যাণের লক্ষ্যে কওমি ঘরানার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টায় চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী বাবুনগর মাদ্রাসায় এ বৈঠক হবে।
বুধবার (১৫ জুলাই) হেফাজতের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে, চট্টগ্রামের বাবুনগর মাদ্রাসায় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় কওমি ঘরানার রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে।
চিঠিতে আরও জানানো হয়, ইমান-আকিদা সংরক্ষণ ও জাতীয় স্বার্থে ঐক্যের কোনো বিকল্প নেই। সভায় অংশগ্রহণ ও একে সফল করতে প্রতিটি দলকে তাদের সভাপতিসহ মোট তিনজন প্রতিনিধি পাঠাতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
আমন্ত্রণ পাওয়া সাত দল হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, নেজামে ইসলাম পার্টি।
হেফাজতে ইসলামের নেতাদের সূত্রে জানা গেছে, হেফাজতের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা কওমি ঘরানার চারটি দলকে জোট থেকে বেরিয়ে আসতে আগেই বলা হয়েছে। আজ সভায় এ বিষয়ে আবারও তাগিদ দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ছাড়া বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামি দলগুলোর ভূমিকা কী হবে, সে বিষয়েও পরামর্শ সভায় আলোচনা হবে।




