মৃতের শোকে বিলাপ করে কাঁদলে কি কবরে আজাব হয়

প্রিয়জন হারানোর বেদনা অপূরণীয়। প্রিয়জন হারিয়ে মানুষ শোকে কাতর হয়। বেদনায় মুষড়ে পড়ে। চোখ দিয়ে অশ্রু ঝরে। বিপদ বা কষ্ট পেলে ব্যথিত হওয়া বা কান্না করা মানুষের স্বভাবজাত বিষয়। ইসলাম এগুলো নিষিদ্ধ করেনি।
ইসলামে মৃতব্যক্তির জন্য কাঁদা জায়েজ। হজরত মুহাম্মদ (সা.) তাঁর ছেলে ইবরাহিমের মৃত্যুতে কেঁদেছিলেন এবং তাঁর চোখেও পানি এসেছিল। আনাস (রা.) বলেন, ‘নবী (সা.)-এর ছেলে ইবরাহিম মারা গেলে তাঁর দুই চোখ থেকে অশ্রু ঝরছিল। আব্দুর রহমান ইবনে আউফ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসুল, আপনিও কান্না করছেন? তিনি বললেন, এটা রহমত ও দয়ার কারণে হয়। আমার অন্তর ব্যথিত হয়, চোখে অশ্রু আসে, তবে আমরা তাই বলব, যাতে আল্লাহ সন্তুষ্ট হন। ইবরাহিম, তোমার বিচ্ছেদে আমরা সবাই ব্যথিত।’ (সহিহ বুখারি, হাদিস: ১২২৫)
মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্না করা, গালে চপেটাঘাত করা, জামাকাপড় ছেঁড়া নাজায়েজ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে গালে চপেটাঘাত করে, জামাকাপড় ছিঁড়ে এবং জাহেলি (অন্ধ) যুগের আর্তনাদ করে, সে আমাদের দলভুক্ত নয়।’ (সহিহ বুখারি, হাদিস: ১২৯৪)
ইমাম নববি (রহ.) বলেন, ‘মর্সিয়া-ক্রন্দন, বিলাপ করা, গালে চড় মারা, জামাকাপড় ছিঁড়ে ফেলা, চেহারাতে খামচি মারা, চুল ছেড়া ও হায়হুতাশ করে আর্তনাদ করা- এই সবকিছু আলেমদের সর্বসম্মতিক্রমে হারাম।’ (শারহুল মুহাজ্জাব, খণ্ড: ৫, পৃষ্ঠা: ২৮১)
ইসলাম বিশেষজ্ঞদের মতে, কারও মৃত্যুর পর তার জন্য স্বজনরা যেন বিলাপ করে কান্নাকাটি না করে, জীবদ্দশায় তা বলে যাওয়া ওই ব্যক্তির ইমানি দায়িত্ব। মৃত্যুর পর তার স্বজনরা তার জন্য বিলাপ করে কান্না করবে, এটা জানার পরও যদি তিনি তাদের নিষেধ না করেন, তাহলে তার কবরে আজাব হবে। অন্যথায় হবে না। যারা বিলাপ করবে তাদের গুনাহ হবে।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘মৃত ব্যক্তির বেদনায় কান্নাকাটি করা, চোখের পানি ফেলা নিষিদ্ধ নয়। তবে শরিয়তের সীমানা লঙ্ঘন করা যাবে না। রাসুলুল্লাহ (সা.) তাঁর ছেলের মৃত্যুর পর তিনি চোখের পানি ফেলে কেঁদেছিলেন। তবে রাসুলুল্লাহ (সা.) বিকট শব্দে বা বিলাপ করে কান্না করতে নিষেধ করেছেন।’
তিনি আরও বলেন, ‘জীবদ্দশায় ব্যক্তি যদি জানতেন, মৃত্যুর পর তার স্বজনরা তার জন্য বিলাপ করে কান্না করবে। এটা জানার পরও যদি তিনি তাদের নিষেধ না করেন, তাহলে তার কবরে আজাব হবে। এ রকম না হলে তার কবরে আজাব হবে না। যারা বিলাপ করছেন, তাদের গুনাহ হবে।’
