কেমন হবে জাহান্নামিদের পানীয়

এশিয়া পোস্ট ডেস্ক
কেমন হবে জাহান্নামিদের পানীয়
ছবি: প্রতীকী

যারা দুনিয়ায় আল্লাহ ও রাসুলের অবাধ্যতায় জীবন কাটিয়েছে, তারা হবে জাহান্নামি। আল্লাহ তাদের বহু ধরনের আজাব দেবেন। তাদের জীবনে শান্তি থাকবে না। তাদের শাস্তি দেওয়া হবে খাবারের পানীয় দিয়েও। জাহান্নামের পানীয় হবে ভিন্ন রকমের। সে পানীয় দিয়ে তৃষ্ণা নিবারণ হবে না। মহান আল্লাহ বলেন, ‘আর তাদের পান করানো হবে ফুটন্ত পানি, যা তাদের নাড়িভুঁড়ি ছিন্নভিন্ন করে ফেলবে।’ (সুরা মুহাম্মাদ, আয়াত: ১৫)

আল্লাহ তাআলা আরও বলেন, ‘আমি জালিমদের জন্য প্রস্তুত করে রেখেছি আগুন, যার বেষ্টনী তাদের পরিবেষ্টন করে রাখবে। তারা পানীয় চাইলে, তাদের দেওয়া হবে গলিত ধাতুর মতো পানীয়, যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে। নিশ্চয় তা নিকৃষ্ট পানীয়। আর জাহান্নাম কতই না নিকৃষ্ট আশ্রয়স্থল।’ (সুরা কাহাফ, আয়াত: ২৯)

কোরআন-হাদিসে জাহান্নামিদের পাঁচ ধরনের পানীয়ের উল্লেখ রয়েছে। যথা—

১. হামিম বা উত্তপ্ত পানি: হামিম হচ্ছে প্রচণ্ড গরম পানি। আল্লাহ তাআলা বলেন, ‘তারা জাহান্নামের আগুন ও ফুটন্ত পানির মধ্যে ছোটাছুটি করবে।’ (সুরা রহমান, আয়াত: ৪৪)

আল্লাহ তাআলা আরও বলেন, ‘তাকে পান করানো হবে অতি ফুটন্ত ঝরনা থেকে।’ (সুরা গাশিয়া, আয়াত: ৫)

২. গাসসাক বা দুর্গন্ধযুক্ত পানি: গাসসাক বলা হয় দুর্গন্ধ পানি বা পুঁজকে। আল্লাহ তাআলা বলেন, ‘এটা সীমালঙ্ঘনকারীদের জন্য। সুতরাং তারা আস্বাদন করুক ফুটন্ত পানি ও পুঁজ।’ (সুরা সাদ, আয়াত: ৫৭)

৩. সাদিদ বা ক্ষতস্থান থেকে নির্গত পুঁজ ও রক্ত: সাদিদ বলা হয় কাফেরদের গোশত ও চামড়া গলিত চর্বি ও পুঁজকে। আল্লাহ বলেন, ‘তাদের প্রত্যেকের পরিণাম জাহান্নাম এবং সবাইকে পান করানো হবে অপবিত্র দুর্গন্ধযুক্ত গলিত পুঁজ। যা সে অতি কষ্টে গলাধঃকরণ করবে। আর তা তার জন্য অসম্ভব হয়ে পড়বে। তার কাছে মৃত্যুযন্ত্রণা আসবে চতুর্দিক থেকে। কিন্তু তার মৃত্যু হবে না এবং এরপর সে কঠোর শাস্তি ভোগ করবে।’ (সুরা ইবরাহিম, আয়াত: ১৬-১৭)

৪. মুহল বা তৈলাক্ত গরম পানি: মুহল হচ্ছে তেলের গাদ, গাদযুক্ত তেল ও ধাতব বস্তু। আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘জাহান্নামিদের পানীয় হবে গলিত ধাতব বস্তুর মতো। যখনই এই পানীয় তাদের মুখের কাছে নেওয়া হবে, অমনি তাতে তাদের মুখের চামড়া খসে পড়বে।’

ইবনে আব্বাস (রা.) মুহল শব্দের ব্যাখ্যায় বলেন, ‘কোরআন ও হাদিসে বর্ণিত মুহল দ্বারা তেলের গাদের মতো ঘন ও আঠালো পানীয় বোঝানো হয়েছে।’ (তাবারি, খণ্ড: ২২, পৃষ্ঠা: ৪)

৫. তিনাতুল খাবাল বা শরীর থেকে নির্গত ঘাম: জাহান্নামিদের শরীর থেকে নির্গত ঘামকে তিনাতুল খাবাল বলা হয়। জাবের (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যারা মাদক গ্রহণ করবে, তাদের বিষয়ে মহান আল্লাহর অঙ্গীকার হলো, তিনি তাদের ‘তিনাতুল খাবাল’ পান করিয়ে ছাড়বেন। সাহাবিরা জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসুল, ‘তিনাতুল খাবাল’ কী? উত্তরে তিনি বললেন, জাহান্নামিদের ঘাম বা গলিত চর্বি।’ (সহিহ মুসলিম, হাদিস: ২০০২)