ইমাম ও খতিবদের সতর্ক থাকার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

এশিয়া পোস্ট প্রতিবেদক
ইমাম ও খতিবদের সতর্ক থাকার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের
ছবি: সংগৃহীত

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) নাম ও পরিচয় ব্যবহার করে দেশের ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে একটি চক্রের প্রতারণার খবর পেয়েছে ফাউন্ডেশনটি। এ ঘটনায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইফা।

শনিবার (১১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইফা।

এতে বলা হয়, প্রতারকচক্রটি টেলিফোন, মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম বা বিভিন্ন অনলাইন মাধ্যমে যোগাযোগ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে ব্যক্তিগত ও আর্থিক তথ্য সংগ্রহের চেষ্টা করছে। বিশেষ করে তারা ব্যাংক হিসাব নম্বর, মোবাইল ব্যাংকিং নম্বর, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য, মোবাইল নম্বর, মসজিদের বেতন-ভাতা সংক্রান্ত তথ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক তথ্য জানতে চাচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশন স্পষ্টভাবে জানাচ্ছে, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় কিংবা এর কোনো জেলা বা উপজেলা কার্যালয় কখনও অননুমোদিত ব্যক্তি বা নম্বরের মাধ্যমে এ ধরনের তথ্য সংগ্রহ করে না। কোনো আর্থিক সুবিধা, সম্মানি, ভাতা, অনুদান বা অন্য কোনো সরকারি সুবিধা প্রদানের নামে যদি কেউ ব্যাংক হিসাব নম্বর, ওটিপি, পিন নম্বর, মোবাইল ব্যাংকিং তথ্য অথবা অন্য কোনো গোপনীয় তথ্য জানতে চায়, তবে তা প্রতারণার অংশ হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি।

এ অবস্থায় ইমাম, খতিব, মুয়াজ্জিন, মসজিদ পরিচালনা কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের অপরিচিত ব্যক্তি বা সন্দেহজনক ফোনকলের মাধ্যমে কোনো ধরনের ব্যক্তিগত বা আর্থিক তথ্য প্রদান না করার অনুরোধ জানিয়েছে ফাউন্ডেশন।

ইফা জানিয়েছে, দেশের মসজিদভিত্তিক বিভিন্ন কার্যক্রম, ইমাম প্রশিক্ষণ, ধর্মীয় শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করা এবং ধর্মপ্রাণ জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে এ ধরনের অপতৎপরতা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।