logo

রোজা রেখে রক্ত দেওয়া যাবে?

রোজা রেখে রক্ত দেওয়া যাবে?

রোজা অবস্থায় কাউকে রক্ত দিলে রোজা ভাঙবে না। রোজা ভঙ্গের কারণ হচ্ছে স্বাভাবিক প্রবেশ পথ দিয়ে শরীরে কোনো কিছু প্রবেশ করানো। শরীর থেকে কিছু বের হলে রোজা ভাঙে না। তাই রক্ত দিলে রোজা ভাঙবে না। 

সাহাবি ইকরিমা (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) হজের জন্য ইহরাম বাঁধা অবস্থায় শরীর থেকে শিঙ্গার মাধ্যমে রক্ত বের করেছেন। রোজা অবস্থায়ও শরীর থেকে শিঙ্গার মাধ্যমে রক্ত বের করেছেন তিনি।’ (সহিহ বুখারি, হাদিস: ১৯৩৮)

তাই রোজা রেখে পরীক্ষার জন্য কিংবা কাউকে রক্ত দিলে রোজার ক্ষতি হবে না। তবে কেউ যদি শারীরিকভাবে এমন দুর্বল হয় যে, রক্ত দিলে রোজা রাখার শক্তি হারিয়ে ফেলবে, তাহলে তার জন্য রক্ত না দেওয়ায় ভালো। এ অবস্থায় রক্ত দেওয়াকে অনেকে মাকরুহ বলেছেন। (আল-বাহরুর রায়েক, খণ্ড: ২, পৃষ্ঠা: ২৭৩)

রোজা রেখে শরীরে রক্ত নেওয়ার দ্বারাও রোজা ভাঙে না। কারণ, রক্ত শরীরের উল্লেখযোগ্য চার নালির কোনো নালি দিয়ে শরীরে প্রবেশ করে না; বরং শরীরের অন্যান্য ছোট ছিদ্রের মাধ্যমে প্রবেশ করে।

 

জীবন ও দেহ সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য তরল উপাদান রক্ত। দেহের অভ্যন্তরে অন্ত্র বা অন্য কোনো অঙ্গ থেকে রক্তক্ষরণ হলে অস্ত্রোপচারের জন্য রক্তের খুব প্রয়োজন। কখনো মানুষ বাঁচাতে রক্ত দেওয়া অত্যাবশ্যকীয় হয়ে পড়ে। যেহেতু রক্তের কোনো বিকল্প নেই, তাই অন্য একজন সুস্থ সবল ব্যক্তির কাছ থেকে রক্ত নিতে হয়। রক্ত দিয়ে জীবন বাঁচানো সওয়াবের কাজ। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘যে কারও জীবন রক্ষা করে, সে যেন সবার জীবন রক্ষা করে।’ (সুরা মায়েদা, আয়াত: ৩২)

রক্তদানের মাধ্যমে একজন মানুষ অপর একজন মানুষের প্রাণ বাঁচাতে সাহায্য করে। মানুষের পক্ষে মানুষের জন্য এর চেয়ে বড় উপকার আর কী হতে পারে!