logo

জুমা মোবারক বলে শুভেচ্ছা বিনিময় কি জায়েজ

জুমা মোবারক বলে শুভেচ্ছা বিনিময় কি জায়েজ

জুমার দিন সপ্তাহের সেরা দিন। এ দিনকে সাপ্তাহিক ঈদের দিনও বলা হয়। হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘জুমার দিন দিবসসমূহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ১০৮৪)

জুমার দিন আল্লাহর কাছে সর্বোত্তম দিন। এ দিনে আদমকে (আ.) সৃষ্টি করা হয়েছে, এ দিনই তাকে জান্নাতে দেওয়া হয় এবং এ দিনই জান্নাত থেকে পৃথিবীতে নামানো হয়। এ দিনই কেয়ামত হবে। জুমার নামাজের গুরুত্ব বর্ণনা করে আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের জন্য ডাকা হয়, তখন আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। কেনাবেচা ছেড়ে দাও, এটাই তোমাদের জন্য অতি উত্তম, যদি তোমরা জানতে!’ (সুরা জুমা, আয়াত : ৯)

মুসলমানদের কাছে জুমার দিনের গুরুত্ব অনেক। এ দিন মুসলমানরা আনন্দিত হন। বর্তমানে শুক্রবার এলে অনেককে সোস্যাল মিডিয়ায় ‘জুমা মোবারক’ লিখে স্ট্যাটাস দিতে দেখা যায়। পরস্পর সাক্ষাতেও কেউ কেউ ‘জুমা মোবারক’ বলে অভিবাদন জানান। প্রশ্ন হলো, শুক্রবারকে কেন্দ্র করে ‘জুমা মোবারক’ বলা কি বৈধ?

ইসলামে এ দিনের জন্য আলাদা অভিবাদন জানানোর কোনো শব্দ বা বাক্য নেই। হজরত মুহাম্মদ (সা.) ও সাহাবিদের যুগে এ ধরনের কোনো শব্দে অভিবাদন জানানোর রীতি পাওয়া যায় না। তারা ঈদের দিন পরস্পরকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে জুমার দিন বিশেষ শব্দ বলে শুভেচ্ছা জানাননি। কোরআন-হাদিসেও জুমার দিনে জুমা মোবারক বলার কোনো নির্দেশনা নেই। 

ইসলামে ইবাদত হিসেবে নতুন করে কোনো কিছু সংযোজন করা জায়েজ নয়। ইবাদত হিসেবে নতুন সংযোজন সবসময় পরিত্যাজ্য। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কেউ যদি আমাদের (ইসলামের) সঙ্গে সাদৃশ্যপূর্ণ নয় এমন কোনো আমল করে, তা প্রত্যাখ্যাত হবে।’ (সহিহ বুখারি, হাদিস: ৩৫০৮) 

আরেক হাদিসে আছে, ‘কেউ যদি ইসলামে নতুন কোনো কিছু শুরু করে যা এর অন্তর্ভুক্ত নয়, তা বাতিল বলে গণ্য হবে।’ (সহিহ বুখারি, হাদিস: ২৬৯৭)

জুমার দিনের ইবাদত বা আবশ্যকীয় আমল হিসেবে পরস্পরকে জুমা মোবারক বলা বা জুমা মোবারক লিখে সোস্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেওয়া সঠিক নয়। ইবাদত বা আবশ্যকীয় ভেবে এরকম করা বেদয়াত। প্রথা বা রীতি হিসেবে না বলে স্বাভাবিকভাবে বললে কোনো অসুবিধে নেই।  

 

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ইউটিউবে এক প্রশ্নের জবাবে বলেন, ‘সমাজ জুমা মোবারক বলার একটা সংস্কৃতি প্রচলিত আছে। জুমার দিন বা বৃহস্পতিবার দিবাগত রাত হলে একে অপরকে জুমা মোবারক বলেন। ঈদ উপলক্ষে সাহাবিরা পরস্পরকে শুভেচ্ছা জানাতেন। দোয়া করতেন। জুমার দিন উপলক্ষে সাহাবিরা শুভেচ্ছা বিনিময় করেছেন, এমন কোনো বর্ণনা নেই। কোরআন-হাদিসে এর কোনো নির্দেশনা নেই।’

তিনি বলেন, ‘জুমার দিনে জুমা মোবারক বলাকে সুন্নাহ মনে করা বা সুন্নত হিসেবে বলা ঠিক নয়। এমনটি মনে করা ভুল হবে। এমনটি মনে করা বেদয়াত হতে পারে। এ দিন জুমা মোবারক না বলে জুমার দিনের সুন্নতগুলো মানুষকে স্মরণ করিয়ে দেওয়া যেতে পারে।’