logo

ঘুমানোর আগে যে ছোট সুরা পড়লে মেলে কোরআনের এক তৃতীয়াংশ পড়ার সওয়াব

ঘুমানোর আগে যে ছোট সুরা পড়লে মেলে কোরআনের এক তৃতীয়াংশ পড়ার সওয়াব
পবিত্র কোরআন তেলাওয়াত করছেন শিশু। ছবি: মাদ্রাসাত আল-কোরআন

পবিত্র কোরআনের ১১২তম সুরা- সুরা ইখলাস। এটি মক্কায় অবতীর্ণ। এর আয়াত সংখ্যা চারটি। এটি কোরআনের তিন ভাগের এক ভাগ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয় আল্লাহ তাআলা কোরআনকে তিন ভাগে ভাগ করেছেন। এরপর ‘কুল হুওয়াল্লাহু আহাদ’-কে করেছেন কোরআনের ভাগগুলোর একটি।’ (সহিহ মুসলিম, হাদিস: ৮১১)

আমাদের জন্য এক রাতে কোরআনের এক তৃতীয়াংশ পড়া কঠিন কাজ। কিন্তু ঘুমানোর আগে বা যে কোনো সময় সুরা ইখলাস পড়লে কোরআনের এক তৃতীয়াংশ পড়ার সওয়াব পাওয়া যায়। আবু সাইদ খুদরি (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) সাহাবিদের উদ্দেশে বলেন, তোমাদের কেউ কি এক রাতে কোরআনের এক-তৃতীয়াংশ তেলাওয়াত করা দুঃসাধ্য মনে করো?’ এ প্রশ্ন তাদের জন্য কঠিন ছিল। তারা বলল, ‘হে আল্লাহর রাসুল, আমাদের মধ্যে কার সাধ্য আছে এমনটি করার?’ তিনি বললেন, ‘কুল হুওয়াল্লাহু আহাদ (সুরা ইখলাস) কোরআনের এক-তৃতীয়াংশ।’ (সহিহ বুখারি, হাদিস: ৪৭২৭)

হাদিসে আছে, তিনি একবার বলেছেন, ‘তোমরা জমায়েত হও, আমি তোমাদের সামনে কোরআনের এক-তৃতীয়াংশ পাঠ করব। ফলে যাদের পক্ষে সম্ভব তারা জমায়েত হলো। এরপর রাসুল (সা.) বের হয়ে এলেন এবং তেলাওয়াত করে আবার ঘরে গেলেন।’ তখন আমাদের একজন অন্যজনকে বলতে লাগল, ‘মনে হয় আসমান থেকে (এখনই) কোনো সংবাদ এসেছে আর সেজন্যই তিনি ঘরে প্রবেশ করেছেন।’ পরে রাসুল (সা.) বের হয়ে এসে বললেন, আমি তোমাদের বলেছিলাম যে, তোমাদের সামনে কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করব। শোনো, সুরা ইখলাস কোরআনের এক তৃতীয়াংশের সমান।’ (সহিহ মুসলিম, হাদিস: ৮১২)

সুরা ইখলাস অসামান্য মূল্যবান হওয়ার অন্যতম কারণ হলো, এই সুরায় আল্লাহর গুণ বর্ণনা করা হয়েছে। আয়েশা (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) এক সাহাবিকে একটি মুজাহিদ দলের প্রধান করে জিহাদে পাঠালেন। তিনি নামাজের ইমামতিতে সুরা ইখলাস দিয়ে নামাজ শেষ করতেন। মুজাহিদরা সেই অভিযান থেকে ফিরে রাসুলুল্লাহ (সা.)-এর খেদমতে বিষয়টি আলোচনা করলে তিনি বললেন, ‘তাকেই জিজ্ঞাসা করো কেন সে এই কাজ করেছে।’ এরপর তারা তাকে জিজ্ঞাসা করলে তিনি উত্তর দিলেন, এ সুরায় আল্লাহ তাআলার গুণাবলি রয়েছে। আর তাই এ সুরা তেলাওয়াত আমার বড় পছন্দ।’ তখন রাসুল (সা.) বললেন, ‘তাকে জানিয়ে দাও, আল্লাহ তাআলাও তাকে পছন্দ করেন।’ (সহিহ বুখারি, হাদিস: ৪৭২৬)