logo

নবীর স্ত্রী হয়েও বিশ্বাসঘাতকতা করেছিলেন যে নারী

নবীর স্ত্রী হয়েও বিশ্বাসঘাতকতা করেছিলেন যে নারী
পবিত্র কোরআনের প্রচ্ছদ। ছবি: আন-নুর একাডেমি

মানবজাতির দ্বিতীয় পিতা নুহ (আ.)। তিনিই প্রথম রাসুল। তাঁর সময় ঘটিত প্লাবনের পর যেসব বিশ্বাসী মানুষ বেঁচে ছিলেন, তারা তাঁরই বংশধর। এদের অধিকাংশ ছিল তাঁরই পরিজনের অন্তর্ভুক্ত। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘এবং তাঁর বংশধরদেরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম।’ (সুরা সাফফাত, আয়াত: ৭৭)

সৃষ্টির প্রভাত থেকেই মানুষ এক আল্লাহর ইবাদত করেছে। একাত্ববাদের ওপর অবিচল থেকেছে। সময়ের পরিক্রমায় শয়তানের ধোঁকায় অধিকাংশ মানুষই আল্লাহকে ভুলে যায়। একাত্ববাদের বিশ্বাস আর স্লোগান থেকে দূরে সরে যায়। শুরু করে মূর্তিপূজা। এভাবে কেটে যায় অনেক বছর। পাপাচারে ভরে ওঠে পৃথিবী। আল্লাহর নাম নেওয়ার মতো তেমন মানুষই পাওয়া গেল না কোথাও। আল্লাহ তাদের হেদায়াত করতে চাইলেন। সৃষ্টিকর্তার পরিচয় জানাতে চাইলেন। পাঠালেন নবী ও রাসুল নুহ (আ.)-কে। তিনি সম্প্রদায়ের লোকদের আল্লাহর পথে ডাকলেন। আল্লাহর বাণী শোনালেন। একত্ববাদের বিশ্বাস লালন করতে বললেন। মূর্তিপূজা ছাড়ার আহ্বান জানালেন। (সুরা হুদ, আয়াত: ২৫-২৬)

Advertisement

নুহ (আ.)-এর জাতির লোকেরা ছিল একরোখা, অহংকারী, মন্দস্বভাব, পাপাচারী ও সীমালঙ্ঘনকারী। তারা নবীকে প্রত্যাখ্যান করল। ইমান তো আনেনি, বরং তাঁর ওপর অত্যাচার শুরু করল। বিভিন্ন বিষয়ে তার সঙ্গে সীমালঙ্ঘন করছিল। কখনো পথে-ঘাটে তাকে পাগল বা উন্মাদ বলে বেড়াত তারা। কখনো মাটির ওপর শুইয়ে গলা চেপে ধরত। তিনি অজ্ঞান হয়ে যেতেন। এরপরও তিনি একত্ববাদের দাওয়াত দিয়ে চললেন। আল্লাহর আজাবের ভয় দেখালেন। সাড়ে নয়শ বছর এভাবে দাওয়াত দিলেন। তেমন কাজ হয়নি। মুষ্টিমেয় কিছু লোক ছাড়া অধিকাংশ মানুষ তাঁর দাওয়াত গ্রহণ করেনি। (তাফসিরে মাআরিফুল কোরআন, মাওলানা মুহাম্মাদ ইদরিস কান্ধলভি, অনুবাদ: আব্দুল্লাহ আল ফারুক, খণ্ড: ৪, পৃষ্ঠা: ৩১৪ ও ৩২৩)

নুহ (আ.)-এর স্ত্রীর নাম ছিল ওয়াগেলা। (তাফসিরে কুরতুবির সূত্রে তাফসিরে মারেফুল কোরআন, মুফতি মুহাম্মাদ শফি, অনুবাদ: মাওলানা মুহিউদ্দিন খান, পৃষ্ঠা: ১৩৮৯)। তিনি তাকে একত্ববাদের দাওয়াত দেন। আল্লাহর প্রতি বিশ্বাসের কথা বলেন। সে স্বামীর কথা মেনে নেয়নি। বরং তাঁর বিরোধিতা করল। অহংকার করল। মানুষের গোপনে ইমান আনার কথা সমাজের প্রভাবশালীদের কাছে ফাঁস করে দিল সে। নুহ (আ.) সম্পর্কে জনসমাজে বলল, সে পাগল, তোমরা তাঁর কথায় কান দিয়ো না। (তাফসিরুল মাওয়ারদি, আবুল হাসান আল মাওয়ারদি, খণ্ড: ৬, পৃষ্ঠা: ৪৬-৪৭; তাফসিরে ইবনে কাসির, খণ্ড: ১১, পৃষ্ঠা: ১৯৪)

এসব কিছুর মধ্যেও নুহ (আ.) দাওয়াত দিয়ে যাচ্ছিলেন। লোকেরা বিরক্ত হয়ে বলল, আমাদের সঙ্গে কলহ-বিবাদ করো না; পারলে তোমার প্রভুর শাস্তি নিয়ে এসো। নবী কাফেরদের জন্য আল্লাহর কাছে শাস্তির দোয়া করলেন। আল্লাহ তাঁকে নৌকা তৈরির নির্দেশ দিলেন। তিনি নৌকা তৈরি করলেন। কাফেররা নৌকা তৈরির ব্যাপার নিয়ে তাঁর সঙ্গে ঠাট্টা করত।

শাস্তির দিন ঘনিয়ে এলো। এক দিন ভূগর্ভ থেকে পানি উথলিয়ে উঠল। নুহ নবী বিশ্বাসীদের নিয়ে নৌকায় চড়লেন। আসমান থেকে পানি বর্ষণ শুরু হলো। জমিনের ফোয়ারাগুলো পূর্ণমাত্রায় উথলিয়ে উঠল। শুরু হলো মহাপ্লাবন। বিশ্বাসীরা বেঁচে গেল। অবিশ্বাসীরা পানিতে ডুবে মরল। (সুরা হুদ, আয়াত: ৩২-৪৪; সুরা কাসাসুল কোরআন, মাওলানা হিফজুর রহমান, অনুবাদ: আব্দুস সাত্তার আইনী, খণ্ড: ১, পৃষ্ঠা: ৩৯)

নুহ (আ.)-এর স্ত্রী ওয়াগেলা আমৃত্যু কুফুরির ওপর অবিচল ছিল। সে নবীর সঙ্গে বৈবাহিক সম্পর্কে, একত্রে বসবাস, একসঙ্গে ওঠাবসা সত্ত্বেও ইমান আনতে সম্মত হয়নি। নবীর স্ত্রী হয়েও তার ভাগ্যে ইমানের মহাদৌলত জোটেনি। সেও পানিতে ডুবে মরল। জাহান্নামি হয়ে গেল। আল্লাহ বলেন, ‘যারা কুফুরির (অবিশ্বাস) নীতি অবলম্বন করে তাদের ব্যাপারে আল্লাহ নুহের স্ত্রী আর লুতের স্ত্রীর দৃষ্টান্ত পেশ করছেন। এরা ছিল আমার দুই নেককার বান্দার অধীনে। কিন্তু তারা দুজনেই তাদের স্বামীদ্বয়ের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল। ফলে নুহ ও লুত তাদেরকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারল না। তাদের বলা হলো, তোমরা দুজন জাহান্নামে প্রবেশ করো (অন্যান্য) প্রবেশকারীদের সঙ্গে।’ (সুরা তাহরিম, আয়াত: ১০)

এ আয়াতে আল্লাহ নুহ (আ.)-এর স্ত্রী অবস্থান সম্পর্কে সুস্পষ্ট বিবৃতি প্রদান করেছেন। আয়াতে খিয়ানত দ্বারা উদ্দেশ্য দ্বীনের ব্যাপারে খিয়ানত করা। নুহ (আ.)-এর স্ত্রী মানুষকে বলে বেড়াত, তার স্বামী একজন বিকারগ্রস্ত লোক। অথবা সেই যুগের শাসকদের কাছে গোপনে তথ্য পাচার করত, যারা নুহ (আ.)-এর দাওয়াতে ইমান আনত তাদের তালিকা পৌঁছে দিত। বৈবাহিক অধিকারের ব্যাপারে খিয়ানত করেছেন- এমনটি এখানে উদ্দেশ্য নয়। (আল-মারআতু ফিল কাসাসুল কোরআনি, আহমাদ আশ-শারকাবি, খণ্ড: ১, পৃষ্ঠা: ১৪৩)

ইবনে আব্বাস (রা.) বলেন, ‘কোনো নবিপত্নী কখনো ব্যভিচারে লিপ্ত হননি। তাদের খিয়ানত ছিল ধর্ম পালনের ক্ষেত্রে।’ (প্রাগুক্ত)

নুহ (আ.)-এর স্ত্রীর উচিত ছিল, সবার আগে তাঁর ওপর ইমান আনা। কারণ, সে ছিল তাঁর সবচেয়ে কাছের মানুষ। তাঁর সম্পর্কে সে সবচেয়ে ভালো জানত। কিন্তু সমাজে প্রতিষ্ঠিত ভ্রষ্টতা সে বের হতে পারেনি। কুফুরিকে আমৃত্যু লালন করেছে সে। ফলে তাকেও জাহান্নামে ছুড়ে ফেলা হলো। (আশ-শাখসিইয়াতুন নিসায়িইয়াহ ফিল কিসসাতিল কুরআনিইয়া, হুদা আব্দুল লতিফ, পৃষ্ঠা: ২৮৩)

কোনো কোনো আলেম বলেছেন, ‘মহাপ্লাবনের আগেই নুহ (আ.)-এর স্ত্রী মারা গিয়েছিল।’ (নুহ আ. ওয়া কাওমুহু ফিল কোরআনিল মাজিদ, আল-মাইদানি, পৃষ্ঠা: ৩১০)

নুহ (আ.)-এর স্ত্রীর জাহান্নামে প্রবেশ করা অবশ্যম্ভাবী। নবী তার কোনো উপকার করতে পারবে না। কেয়ামত দিবসে সে জাহান্নামের অধিবাসী হবে। (নুহ আ. ওয়া কাওমুহু ফিল কোরআনিল মাজিদ, আল-মাইদানি, পৃষ্ঠা: ৩১০)

ইমান ও আকিদার বিষয়ে আল্লাহ কারও সঙ্গে কোনো ধরনের আপস করেন না। নুহ (আ.)-এর স্ত্রীর ব্যাপারে তিনি যদি সুপারিশ করেনও, তবুও গ্রহণ করা হবে না। (ফি জিলালিল কোরআন, সাইয়িদ কুতুব, খণ্ড: ৬, পৃষ্ঠা: ৩৬২১)