logo
Advertisement

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

এশিয়া পোস্ট ডেস্ক
ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’
প্রিয় মুসলিম ওয়েব অ্যাপে আছে ইসলাম ধর্মের নানা তথ্য। ছবি: প্রিয় মুসলিম

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’ নামে একটি ওয়েব অ্যাপ চালু হয়েছে। কোরআন, হাদিস, নামাজের সময়সূচি, দোয়া, মাসআলা-মাসায়েল, জাকাতের হিসাব এবং ডিজিটাল তসবিহসহ বিভিন্ন সেবা পাওয়া যাচ্ছে এই ওয়েবসাইটে।

Advertisement

প্রিয় মুসলিমে বাংলাদেশের ৬৪ জেলার নামাজের সময়সূচি দেখার সুবিধা রয়েছে। ব্যবহারকারী জেলা নির্বাচন করে ফজর, সূর্যোদয়, জোহর, আসর, মাগরিব ও এশার সময় জানতে পারেন। পাশাপাশি কোন ওয়াক্ত চলছে এবং পরবর্তী ওয়াক্ত শুরু হতে কত সময় বাকি, সেটিও দেখানো হয়।

প্ল্যাটফর্মটির কোরআন বিভাগে ১১৪টি সুরার আরবি পাঠ, বাংলা অনুবাদ ও অডিও তেলাওয়াতের ব্যবস্থা রাখা হয়েছে। হাদিস বিভাগে বুখারি, মুসলিম ও তিরমিজিসহ বিভিন্ন সূত্রের হাদিস উল্লেখ করা হয়েছে।

দৈনন্দিন ধর্মীয় বিষয় জানতে রয়েছে আলাদা মাসআলা ও দোয়া বিভাগ। ব্যবহারকারীরা বিভিন্ন প্রশ্নের উত্তর এবং প্রয়োজনীয় দোয়া বিষয়ভিত্তিকভাবে খুঁজে নিতে পারবেন। জাকাতের হিসাব সহজ করতে রাখা হয়েছে একটি জাকাত ক্যালকুলেটর। আর জিকিরের সংখ্যা গণনার জন্য রয়েছে ডিজিটাল তসবিহ।

প্রিয় মুসলিম ওয়েব অ্যাপের উদ্যোক্তা তৌফিকুল ইসলাম জানান, এতে ৫০০টির বেশি হাদিস, ২৫০টির বেশি মাসআলা যুক্ত করার কাজ চলমান রয়েছে। একই প্ল্যাটফর্মে এসব তথ্য ও সেবা যুক্ত করার ফলে ধর্মীয় প্রয়োজনীয় তথ্য খোঁজার ক্ষেত্রে ব্যবহারকারীদের জন্য একটি কেন্দ্রীয় অনলাইন উৎস হিসেবে তৈরির কাজ চলছে।

তিনি আরও বলেন, ডিজিটাল মাধ্যমে ধর্মীয় তথ্য সহজলভ্য করার ক্ষেত্রে এমন উদ্যোগ ব্যবহারকারীদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে ভূমিকা রাখতে পারে। বিশেষ করে কোরআন, হাদিস ও নামাজের সময়সূচি এক জায়গায় থাকায় তথ্য খোঁজার প্রক্রিয়া সহজ হতে পারে।