logo

সৌদি আরব পৌঁছেছেন ৪০ হাজার ৫৯০ হজযাত্রী

সৌদি আরব পৌঁছেছেন ৪০ হাজার ৫৯০ হজযাত্রী

পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৪০ হাজার ৫৯০ হজযাত্রী। সরকারি-বেসরকারি মোট ১০১টি ফ্লাইটে সৌদিতে পৌঁছান তারা।

শুক্রবার (১ মে) ঢাকা হজ অফিস থেকে পাঠানো সবশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শুক্রবার সকাল ১০টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪৬টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছান ১৮ হাজার ৯৯২ হজযাত্রী, সৌদি এয়ারলাইনসের ৩৭টি ফ্লাইটে ১৪ হাজার ৪৫৬ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৪২ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছান।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য বলছে, এ বছর এখন পর্যন্ত সৌদি আরবে গিয়ে সাতজন হজযাত্রীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া সাতজন যাত্রীই পুরুষ। এদের মধ্যে পাঁচজন পবিত্র মক্কায় ও দুজন মদিনায় ইন্তেকাল করেছেন।

বাংলাদেশ থেকে এ বছরের প্রথম হজ ফ্লাইটটি যাত্রা করে ১৮ এপ্রিল। ওই দিন ৪১৮ হজযাত্রী নিয়ে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এবার সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন ৫ হাজার ৫৬৫ হজযাত্রী। বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন।

 

চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং তা শেষ হবে ১ জুলাই।