logo

গোশতকে মাংস বললে কি গুনাহ হবে

গোশতকে মাংস বললে কি গুনাহ হবে

জীবদেহের অভ্যন্তরের হাড় এবং চামড়ার মধ্যবর্তী নরম ও কোমল অংশ হলো গোশত। গোশতকে অনেকে মাংস বলেন। কেউ কেউ বলেন, ‘গোশতকে মাংস বলা যাবে না। কারণ, এটি মায়ের অংশ।’

হিন্দু সম্প্রদায়কে নিয়ে এ কথার প্রচলন আছে যে, তারা গরুকে মা বলে থাকে। গরুর গোশতকে ‘মাংস’ বা মায়ের অংশ বলে পরিচয় দেয়। তারা যদি বিশ্বাস থেকেই গরুর গোশতকে মাংস বলে থাকে, তাহলে খাসি বা মহিষের গোশতকে কেন মাংস বলা হয়? এগুলোকে তো তারা মা বা ধর্মীয় প্রতীক মনে করেন না। সুতরাং এটি একটি প্রচলিত কথা।

মাংস শব্দটির উৎপত্তি সংস্কৃত (মন+স) থেকে। এর অর্থ জীবদেহের অভ্যন্তরের হাড় এবং চামড়ার মধ্যবর্তী নরম ও কোমল অংশ। মাসংকে মাংশ বা হিন্দুদের মায়ের (গরুর) অংশ মনে করা সঠিক নয়। সুতরাং গরু ও অন্য হালাল পশুর গোশতকে মাংস বলায় দোষ নেই। 

ইসলামি গবেষকদের মতে, গোশতকে মাংস বলতে কোনো অসুবিধে নেই। এতে গুনাহ হবে না। ইসলামে এ ধরনের প্রচলিত শব্দ বা প্রতিশব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। 

 

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ফাউন্ডেশনের ইউটিউবে ‘গোশতকে মাংস বললে কি গুনাহ হবে’ প্রশ্নের জবাবে বলেন, ‘অনেকে জোর দিয়ে বলেন যে, গোশতকে মাংস বলা যাবে না। বললে গুনাহ হবে। কারণ, মাংস হলো মায়ের অংশ।’ হিন্দুরা গরুকে মায়ের অংশ মনে করে। সেজন্য তারা তাকে মা বলে। কিন্তু আমরা তো মায়ের অংশ হিসেবে গরুর অংশকে মাংস বলি না। তাই মাংস বললে গুনাহ হবে না।’