একসঙ্গে তিনজন থাকলে যেভাবে কথা বলতে নিষেধ করেছেন মহানবী (সা.)

কোনো আড্ডা বা বৈঠকে তিনজন একসঙ্গে থাকলে একজনকে পাশ কাটিয়ে দুজন পরস্পর কানাঘুষা করা যাবে না। এ রকম করতে নিষেধ করেছেন হজরত মুহাম্মদ (সা.)। একজনকে পাশ কাটিয়ে কানাঘুষা শুরু করলে তৃতীয় ব্যক্তি নিজেকে অনুপ্রবেশকারী ভাববে। এ রকম আচরণ তাকে আতঙ্কিত করবে। সে কষ্ট পাবে। চিন্তিত হবে। সে নিজেকে একা ও নিঃসঙ্গ অনুভব করবে। এ কারণেই হাদিসে তা থেকে নিষেধ করা হয়েছে।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যখন কোথাও তোমরা তিনজন থাকো, তখন একজনকে বাদ দিয়ে দুজনে কানে কানে কথা বলবে না। এতে তার মনে দুঃখ হবে। তবে তোমরা মানুষের মধ্যে মিশে গেলে তা করতে দোষ নেই।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৯৩২)
আরেক হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা তিনজন আলাপরত থাকলে একজনকে পাশ কাটিয়ে দুজন কানাঘুষায় লিপ্ত হয়ো না।’ হাদিসটি বর্ণনা করে সুফিয়ান (রহ.) বলেন, ‘একজনকে বাদ রেখে দুজনে কানাকানি করলে তৃতীয়জনের মনে দুঃখ লাগে।’
কানাঘুষা করলে তৃতীয় ব্যক্তি কষ্ট পায়। কাউকে কষ্ট দেওয়া ইসলাম সমর্থন করে না। মানুষকে কষ্ট দেওয়া আল্লাহর পছন্দ নয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘একজনকে বাদ রেখে দুজন পরস্পর আলাপে লিপ্ত হবে না। কারণ এতে তার মনে কষ্ট লাগবে। আর মুমিনকে কষ্ট দেওয়া আল্লাহ তাআলার পছন্দ নয়।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২৮২৫)
ইবনে উমর (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তৃতীয়জনকে বাদ রেখে দুজনে আলাপচারিতায় মেতে উঠবে না। কারণ এতে তৃতীয়জন কষ্ট পায়। বর্ণনাকারী আবু সালেহ বলেন, ‘আমি ইবনে উমরকে (রা.) জিজ্ঞাসা করলাম, যদি চারজন থাকে? উত্তরে তিনি বললেন, ‘তাহলে সমস্যা নেই।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৮৫২)
পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘যে কথাই মানুষ উচ্চারণ করে (তা সংরক্ষণের জন্য) তার কাছে একজন সদা তৎপর প্রহরী আছে।’ (সুরা কাফ, আয়াত: ১৮)। আরেক আয়াতে আল্লাহ বলেন, ‘আর তোমরা লোকের সঙ্গে উত্তমভাবে কথা বলবে।’ (সুরা বাকারা, আয়াত: ৮৩)





