logo
Advertisement

সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন

এশিয়া পোস্ট নিউজ
সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন
ক্রেস্ট হাতে হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। ছবি: সংগৃহীত

বিশ্বের ১৩৩ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় হিফজ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। একই প্রতিযোগিতায় ৩০ পারা হিফজ বিভাগে তৃতীয় হয়েছেন আরেক বাংলাদেশি প্রতিনিধি হাফেজ মাহমুদুল হাসান আশরাফী।

Advertisement

বুধবার (১৯ আগস্ট) মক্কার পবিত্র মসজিদুল হারামে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

হাফেজ নুরুদ্দিন জাকারিয়া আর-রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী। এবারের প্রতিযোগিতায় তিনি চতুর্থ শাখায় অংশ নেন। এই শাখায় প্রতিযোগীদের টানা ১৫ পারা কোরআন হিফজের পাশাপাশি শুদ্ধ তেলাওয়াত ও তাজবিদের দক্ষতা যাচাই করা হয়।

আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র কোরআন হিফজ, তেলাওয়াত ও তাফসিরভিত্তিক আন্তর্জাতিক এই আয়োজনে এবার বিশ্বজুড়ে ১৩৩টি দেশের মোট ৩৩৪ জন হাফেজ অংশ নেন। প্রতিযোগিতার ৪৬ বছরের ইতিহাসে এবার সবচেয়ে বেশি হাফেজ অংশ নিয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কা অঞ্চলের উপগভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আবদুল আজিজ। বিভিন্ন শাখার সেরা ৫০ জন প্রতিযোগীর হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় মোট পুরস্কারের পরিমাণ ছিল ১ কোটি ২৬ লাখ সৌদি রিয়াল। এর মধ্যে জাকারিয়া পেয়েছেন ৫ লাখ সৌদি রিয়াল, বাংলাদেশি টাকায় ১ কোটি ৬৪ লাখ।

পাঁচটি বিভাগে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় মোট পুরস্কারের অর্থমূল্য ছিল ১ কোটি ২ লাখ ৬০ হাজার সৌদি রিয়াল। আয়োজকদের মতে, এটিই প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বোচ্চ পুরস্কার বাজেট।