রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ

বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়

এশিয়া পোস্ট প্রতিবেদক
বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়
বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের আলোচনা সভায় বক্তারা। ছবি: সংগৃহীত

বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের প্রকৃত কল্যাণ সম্ভব নয়। সব আলেম-ওলামা ও ইসলামপ্রিয় জনসাধারণকে আকিদাগত বিভ্রান্তি থেকে সতর্ক থেকে কোরআন-সুন্নাহ এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অনুসৃত বিশুদ্ধ আকিদা দৃঢ়ভাবে ধারণ করতে হবে।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ আয়োজিত ‘উম্মতের বিশুদ্ধ আকিদার হেফাজত ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল বাসেত খানের সভাপতিত্বে এবং মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ও মাওলানা হাসান জামিলের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব, দেওনা), খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব, মধুপুর), কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মাওলানা রশিদ আহমদ শিব্বির (কিশোরগঞ্জ), মাওলানা লিয়াকত আলী, বারিধারা মাদ্রাসার মুহতামিম মুফতি মুনীর কাসেমী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, লালবাগ জামেয়ার মুহাদ্দিস মুফতি সাখাওয়াত হুসাইন রাযী, মুফতি মুর্তজা হাসান ফয়েজি মাসুম, মুফতি মোহাম্মদুল্লাহ, এমপি, মুফতি সালাহউদ্দিন, মুফতি রফিকুল ইসলাম আল মাদানী, মাওলানা আলী হাসান তৈয়ব, মুফতি শামসুদ্দোহা আশরাফী, মাওলানা আলী আজম, মুফতি আহমদ আলী, মুফতি আবদুর রাজ্জাক কাসেমী, মাওলানা মুস্তাকীম বিল্লাহ হামিদী, মুফতি মাহমুদুল হাসান আশরাফী, মুফতি আ ফ ম আকরাম হুসাইন, মুফতি তানভীর আহমদ সিদ্দিকী, মুফতি দিলাওয়ার হুসাইন মাইজী ও মুফতি সাইফুল্লাহ হাবীবী প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতি আবদুল্লাহ ইয়াহইয়া, মাওলানা ইসমাইল বুখারী কাশিয়ানী, মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি দিলাওয়ার আশরাফী, মুফতি আফজাল হুসাইন, মাওলানা কারী শহীদুল ইসলাম, মুফতি মুয়াবিয়া আল হাবিবী এবং মুফতি শফিকুল ইসলাম কাসেমী, মাওলানা মুর্শিদ সিদ্দিকী, মুফতি আল আবিদ শাকির প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সময়ে উম্মতের বিশুদ্ধ আকিদা সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। নানামুখী বিভ্রান্তি, ভ্রান্ত মতবাদ ও অপসংস্কৃতির আগ্রাসনের মধ্যে কোরআন-সুন্নাহভিত্তিক সহিহ আকিদার শিক্ষা সর্বস্তরে পৌঁছে দেওয়া সময়ের অপরিহার্য দাবি।

এ লক্ষ্যে আলেম-ওলামা, খতিব, ওয়ায়েজ এবং দ্বীনি কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

তাদের মতে, মুসলিম সমাজে ইমান-আকিদার বিশুদ্ধতা রক্ষা, ইসলামের মৌলিক শিক্ষা প্রচার এবং ভ্রান্ত চিন্তাধারার অপপ্রচার প্রতিরোধে নিয়মিত দাওয়াতি কার্যক্রম, প্রশিক্ষণ এবং জনসচেতনতামূলক উদ্যোগ জোরদার করতে হবে।

সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল বাসেত খান বলেন, বিশুদ্ধ আকিদাই একজন মুমিনের ইমান, আমল ও চরিত্রের ভিত্তি। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের প্রকৃত কল্যাণের জন্য বিশুদ্ধ আকিদা অপরিহার্য। তিনি সবাইকে আকিদাগত বিভ্রান্তি থেকে সতর্ক থেকে কোরআন-সুন্নাহ ও আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বিশুদ্ধ আকিদা দৃঢ়ভাবে ধারণ ও প্রচারের আহ্বান জানান।