গণমাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে ‘মিডিয়া কানেক্ট সামিট’ করবে আস-সুন্নাহ ফাউন্ডেশন

দেশের শীর্ষ গণমাধ্যমের সম্পাদক, সংবাদ প্রধান, বিপণন প্রধান, নীতি-নির্ধারক ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ‘মিডিয়া কানেক্ট সামিট’ করবে আস-সুন্নাহ ফাউন্ডেশন। আগামী ১১ জুলাই (শনিবার) সকালে রাজধানীর আফতাবনগরে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে সামিটটি অনুষ্ঠিত হবে।
ফাউন্ডেশনের হেড অব কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফরিদ খান এশিয়া পোস্টকে বলেন, ‘দেশের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০২২ সালে প্রতিষ্ঠা করা হয়েছে ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। প্রতিষ্ঠালগ্ন থেকে এটি তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষাকে সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়া, বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ফাউন্ডেশনের নানাবিধ সেবামূলক কার্যক্রম সম্পর্কে মতবিনিময় এবং সরেজমিনে পরিদর্শনের জন্য মিডিয়া কানেক্ট সামিটের আয়োজন করা হয়েছে।’
ফাউন্ডেশনটি জানিয়েছে, ১৩ কোটি টাকা ব্যয়ে ২ হাজার ১৭৯ জন তরুণ-তরুণীকে দক্ষতা-ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তারা এক বছরের মধ্যেই সম্মিলিতভাবে ৪২ কোটিরও বেশি টাকা আয় করতে সক্ষম হয়েছে। বর্তমানে আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে ১৪টি কর্মমুখী প্রশিক্ষণ কোর্স পরিচালিত হচ্ছে এবং নতুন কোর্স চালুর কার্যক্রম চলমান রয়েছে।
ফাউন্ডেশনের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে প্রতি বছর ১ লাখ বেকার তরুণ-তরুণীকে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, যারা দেশ ও বৈশ্বিক কর্মবাজারে অবদান রাখবে।
আস-সুন্নাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক ও সরকারি নিবন্ধনপ্রাপ্ত দাতব্য সংস্থা। ২০১৭ সালে শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠিত ফাউন্ডেশন বিস্তৃত পরিসরে শিক্ষা, সেবা-প্রশিক্ষণ-কর্মসংস্থান ও দাওয়াহ কার্যক্রম পরিচালনা করে সুনাম অর্জন করেছে।





