logo

বাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত আলেম মুফতি তাকি উসমানি

বাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত আলেম মুফতি তাকি উসমানি
মুফতি মুহাম্মদ তাকি উসমানি। ছবি: ইন্টারন্যাশনাল ইসলামিক ফিকহ একাডেমি

বাংলাদেশে আসছেন পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি এবং বিশ্ববরেণ্য ফকিহ ও মুহাদ্দিস, শাইখুল হাদিস মুফতি মুহাম্মদ তাকি উসমানি। আগামী ২২ নভেম্বর তার ঢাকায় আসার কথা রয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ।

মিজানুর রহমান সাঈদ বলেন, আগামী ২২ নভেম্বর (রোববার) বাদ জোহর রাজধানীর কাওলা নামাপাড়ায় শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ১৫ সালা দস্তারবন্দি মহাসম্মেলন হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুফতি মুহাম্মদ তাকি উসমানি। তিনি এ দিন ভোরে ঢাকায় পৌঁছাবেন। শাইখ যাকারিয়ার সম্মেলন ছাড়াও আরও কয়েকটি সম্মেলনে অংশ নেবেন তিনি।

সফর শেষে ২৮ নভেম্বর মুফতি মুহাম্মদ তাকি উসমানি পাকিস্তানে ফিরে যাবেন বলে জানান মিজানুর রহমান সাঈদ।

মুফতি তাকি উসমানি বিখ্যাত তাফসিরগ্রন্থ মাআরিফুল কোরআনের রচয়িতা মুফতি শফি উসমানির ছেলে। বর্তমান বিশ্বের একজন প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব তিনি। তিনি হাদিস, ইসলামি ফিকহ, তাসাউফ ও অর্থনীতি বিশেষজ্ঞ। তিনি বর্তমানে ইসলামি অর্থনীতিতে সক্রিয় ব্যক্তিদের অন্যতম।

বাংলা উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, তিনি ১৯৮০ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত ছিলেন পাকিস্তানের কেন্দ্রীয় শরিয়াহ আদালতের বিচারপতি এবং ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তান সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের বিচারক ছিলেন।

কোরআনের তাফসির, ইসলামি অর্থনীতি, ইসলামি আইন, রাজনীতি, তাসাউফসহ ইসলামি নানা বিষয়ে বই লিখেছেন মুফতি তাকি উসমানি। তার বেশ কিছু বই বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।

রায়হান রাশেদ

সম্পাদনা

রায়হান রাশেদ

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট