ইফতার সামনে নিয়ে যে দোয়া পড়বেন

সারা দিন রোজা রেখে সূর্যাস্তের পরই খাদ্য বা পানীয় গ্রহণ করে রোজা ভঙ্গ করা হলো ইফতার। ইফতার করা রোজাদারের জন্য আনন্দের বিষয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘রোজাদারের জন্য দুটি খুশি আছে। যা তাকে খুশি করে। এক. যখন সে ইফতার করে। দুই. যখন সে তার রবের সঙ্গে সাক্ষাৎ করবে, তখন রোজার বিনিময়ে আনন্দিত হবে।’ (সহিহ বুখারি, হাদিস : ১৮৯৪)
ইফতারি সামনে নিয়ে যে দোয়া করা হয়, সে দোয়া আল্লাহর মহান দরবারে গুরুত্বের সঙ্গে কবুল হয়। তাই ইফতারের আগে দোয়া করা উচিত। নবীজি (সা.) বলেছেন, ‘তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এক. ন্যায়পরায়ণ শাসক, দুই. রোজাদার যখন সে ইফতার করে এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ১৭৫২)
ইফতারের কিছুক্ষণ আগে বা ইফতার সামনে নিয়ে আল্লাহর কাছে নিজের গোনাহের ক্ষমার জন্য দোয়া করতে হবে। দুনিয়া ও আখেরাতের কল্যাণের প্রার্থনা করতে হবে। দোয়া করা প্রয়োজন মা-বাবা, সন্তান, স্বামী-স্ত্রী, ভাইবোনসহ আত্মীয়স্বজনের জন্য। দোয়া করতে হবে পুরো বিশ্বের মুসলিমদের জন্য।
ইফতার সামনে নিয়ে যে দোয়াটি পড়বেন, তা হলো—
يَا وَا سِعَ الْمَغْفِرَةِ اِغْفِرْلِىْ
উচ্চারণ : ইয়া ওয়া সিআল মাগফিরাতি, ইগফিরলি।
অর্থ : হে মহান ক্ষমা দানকারী, আমাকে ক্ষমা করুন।
উল্লিখিত দোয়াটি ছাড়াও এ সময় বিভিন্ন ইসতেগফার ও ছোট ছোট দোয়া পড়ুন। রাসুলুল্লাহ (সা.)-এর ওপর দরুদ পড়ুন। জিকির করুন। কোরআন তেলাওয়াত করুন।