Advertisement

মুমিন বান্দার যে নিষিদ্ধ কাজে ৪০ দিন নামাজ কবুল হয় না

এশিয়া পোস্ট ডেস্ক
মুমিন বান্দার যে নিষিদ্ধ কাজে ৪০ দিন নামাজ কবুল হয় না
ছবি: সংগৃহীত

ইসলামের দ্বিতীয় স্তম্ভ সালাত বা নামাজ প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলিমের ওপর নির্দিষ্ট সময়ে আদায় করা ফরজ। তবে বান্দার কিছু নিষিদ্ধ কর্মকাণ্ড ও ভুল আচরণের কারণে এই গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর দরবারে অপছন্দনীয় বা সাময়িকভাবে অগ্রহণযোগ্য হয়ে পড়তে পারে। এমনই একটি গুরুতর অপরাধ হলো জ্যোতিষী বা গণকের কাছে যাওয়া।

ইসলামে গায়েবি বিষয়ের একমাত্র মালিক মহান আল্লাহ তাআলা। কোনো মানুষ, গণক বা জ্যোতিষী ভবিষ্যতের কথা বলতে পারে এমন বিশ্বাস করা বা তাদের কাছে গিয়ে কোনো বিষয়ে জানতে চাওয়া ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ।

সহিহ মুসলিমের একটি হাদিসে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর এক সহধর্মিণীর সূত্রে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন: “যে ব্যক্তি কোনো ‘আররাফ’ (গণক বা জ্যোতিষী)-এর কাছে গেল এবং তাকে কোনো বিষয়ে প্রশ্ন করল, ৪০ রাত (দিন) তার কোনো সালাত বা নামাজ কবুল করা হয় না।” (সহিহ মুসলিম, হাদিস: ৫৬২৭)

ইসলামি শাস্ত্রবিদ ও আলেমদের মতে, এই হাদিসের অর্থ হলো কেউ যদি গণকের কাছে গিয়ে কিছু জিজ্ঞাসা করে, তবে ৪০ দিনের সালাতের সওয়াব বা বিশেষ মর্যাদা থেকে সে সম্পূর্ণ বঞ্চিত হবে।

পবিত্র কোরআনে ৮২ বার নামাজের তাগিদ দেওয়া হয়েছে। রাসুলুল্লাহ (সা.) নির্দেশ দিয়েছেন নামাজ যেন নির্ধারিত সময়ে এবং একাগ্রতার সঙ্গে সম্পন্ন করা হয়। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বর্ণিত হাদিসে এসেছে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো 'যথাসময়ে সালাত আদায় করা'।

তাই একজন ইমানদার বান্দার উচিত গণক, জ্যোতিষী বা ভাগ্যের গণনা করা যেকোনো মাধ্যমে বিশ্বাস বা প্রশ্ন করা থেকে সম্পূর্ণ দূরে থাকা, যাতে কষ্টার্জিত ইবাদতের সওয়াব নষ্ট না হয়ে যায়।