রমজানের প্রথম দশকে মক্কার দুই মসজিদে ৩ কোটিরও বেশি মুসল্লি

পবিত্র রমজান মাসের প্রথম দশ দিনে সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদে হারাম ও মদিনায় অবস্থিত মসজিদে নববিতে ৩ কোটি ১৯ লাখ ৫০ হাজার মুসল্লি পরিদর্শন করেছেন। এ ছাড়া একই সময়ে লাখো মুসল্লি মহানবী (সা.)-এর রওজা জিয়ারত করে সালাম পেশ করেছেন।
রোববার (১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ইসলামিক ইনফরমেশন।
প্রতিবেদনে বলা হয়েছে, রমজানের প্রথম দশ দিনে ৩ কোটি ১৯ লাখ ৫০ হাজার মুসল্লি ও ওমরা পালনকারী মক্কার মসজিদে হারাম এবং মদিনার মসজিদে নববি পরিদর্শন করেছেন বলে জানিয়েছে দুই পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সি।
কর্তপক্ষ জানায়, এ সময় মসজিদে মুসল্লিদের নির্বিঘ্নে প্রবেশ ও প্রস্থান এবং মসজিদের পরিষ্কার-পরিচ্ছন্নতায় দিনরাত হাজারো স্বেচ্ছাসেবক ও নিরাপত্তাকর্মী কাজ করেছে।
প্রতিবেদনে বলা হয়, রমজানের প্রথম দশ দিনে দুই পবিত্র মসজিদে সাধারণ ভিড় থাকে। তবে শেষ দশ দিনে, বিশেষ করে যে রাতে শবেকদর পালন করা হয়, সেদিন সবচেয়ে বেশি মুসল্লি থাকে।
সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন