মসজিদে প্রবেশের দোয়া

মসজিদ মুসলিম সমাজের মূলকেন্দ্র। মসজিদ নির্মাণ ও রক্ষণাবেক্ষণকারীদের আল্লাহ ভীষণ পছন্দ করেন। মসজিদ নির্মাণ এমন একটি পুণ্যময় কাজ, যার সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকে। যত দিন সেই মসজিদে আল্লাহর ইবাদত হবে, তত দিন নির্মাণকারী এর সওয়াব পেতে থাকে।
পৃথিবীতে আল্লাহর প্রিয় জায়গা মসজিদ। মসজিদে ইবাদত, আমল ও জিকির করা হয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ। আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার।’ (সহিহ মুসলিম, হাদিস: ১৪১৪)
প্রতিদিন পাঁচ বার নামাজ পড়তে মসজিদে উপস্থিত হন মুসল্লিরা। এখানে অবস্থানের অনেক শিষ্টাচার রয়েছে। মসজিদে প্রবেশে পবিত্রতা পূর্বশর্ত। অপবিত্রতা নিয়ে মসজিদে প্রবেশ করা উচিত নয়। মসজিদে প্রবেশে যেমন শিষ্টাচার রয়েছে, তেমনি আছে প্রবেশের দোয়া।
মসজিদে প্রবেশের দোয়া
মসজিদে প্রবেশের সময় ডান পা দিয়ে ঢুকে দোয়া পড়ে ইতেকাফের নিয়ত করতে হবে। হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ মসজিদে প্রবেশকালে যেন প্রথম নবী (সা.)-এর ওপর সালাম পাঠ করে, এরপর যেন এই দোয়া বলে। দোয়াটি হলো-
اللَّهمَّ افتَحْ لِيْ أبوابَ رَحْمَتِك
উচ্চারণ: আল্লাহুম্মাফ তাহলি আবওয়াবা রহমাতিক।
অর্থ: হে আল্লাহ, আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দিন। (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৬৬)
হাদিসে দোয়ার শুরুতে বিসমিল্লাহ ও দরুদ শরিফ মিলিয়ে পড়ার কথা রয়েছে।
বিসমিল্লাহ ও দরুদসহ দোয়াটি এভাবে পড়া যায়—
بِسْمِ اللهِ الصَّلّاةُ وَالسَّلاَمُ عَلَى رَسُولِ اللَّهِ اللَّهمَّ افتَحْ لِيْ أبوابَ رَحْمَتِك
উচ্চারণ: বিসমিল্লাহি ওয়াস সালাতু, ওয়াস সালামু, আলা রাসুলিল্লাহ, আল্লাহুম্মাফ তাহলি আবওয়াবা রাহমাতিক।
অর্থ: আল্লাহ তাআলার নামে শুরু করছি, দরুদ ও শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসুলের প্রতি। হে আল্লাহ, আপনার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দিন। (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৬৩৩)
