পা দিয়ে জায়নামাজ সোজা করলে গুনাহ হবে?

আল্লাহ ও তাঁর রাসুলের ওপর ইমান আনার পর ইসলামে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ আদায় করা। এটা আল্লাহর জন্য বান্দার বিশেষ ইবাদত। কোরআনের ৫০টিরও বেশি আয়াতে এবং হজরত মুহাম্মদ (সা.)-এর শতাধিক হাদিসে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায়ের ওপর জোর তাগিদ দেওয়া হয়েছে।
ইসলামের ফরজ বিধান নামাজ। প্রাপ্তবয়স্ক মুসলমানের ওপর পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আর নিশ্চয় তা বিনয়ীরা ছাড়া অন্যদের ওপর কঠিন।’ (সুরা বাকারা, আয়াত: ৪৫)
আল্লাহ আরও বলেন, ‘তোমরা নামাজ কায়েম করো, জাকাত আদায় করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো।’ (সুরা বাকারা, আয়াত: ৪৩)
ইসলামের পাঁচ স্তম্ভের একটি নামাজ। হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের ওপর স্থাপিত। এক. এই সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ছাড়া কোনো উপাসক নেই এবং মুহাম্মদ (সা.) আল্লাহর রাসুল, দুই. নামাজ কায়েম করা, তিন. জাকাত দেওয়া, চার. হজ করা এবং পাঁচ. রমজানের রোজা রাখা।’ (সহিহ বুখারি, হাদিস: ৮)
কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, এ থেকেও নামাজের গুরুত্বের বিষয়টি বুঝে আসে। হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাজগুলোর মধ্যে নামাজের হিসাব নেওয়া হবে। যদি সঠিকভাবে নামাজ আদায় করা হয়ে থাকে, তবে সে নাজাত পাবে এবং সফলকাম হবে। যদি নামাজ নষ্ট হয়ে থাকে, তবে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে।’ (নাসায়ি)
নামাজ আদায়ের জন্য আমরা সাধারণত জায়নামাজ ব্যবহার করি। নামাজে দাঁড়ানোর সময় কেউ কেউ পা দিয়ে জায়নামাজ গোছানো বা সোজা করেন। তখন অনেকেই বলেন, পা দিয়ে জায়নামাজ ঠিক করা অনুচিত। এতে গুনাহ হয়। প্রশ্ন হলো, পা দিয়ে জায়নামাজ সোজা বা গোছালে কি গুনাহ হয়?
পা দিয়ে নামাজের বিছানা বা জায়নামাজ সোজা করতে কোনো অসুবিধে নেই। এতে গুনাহ হয় না। তবে জায়নামাজে কাবা শরিফ বা মসজিদের ছবি অঙ্কিত থাকলে তা পা দিয়ে সোজা না করাই ভালো।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ইউটিউবে এক প্রশ্নের জবাবে বলেন, ‘জায়নামাজ বা নামাজের বিছানা হলো একটা কাপড় বা কার্পেটের টুকরা। জায়নামাজ শুধু হাত দিয়েই সোজা করতে হবে, পা দিয়ে করা যাবে না—এমন বাধ্যবাধকতা ইসলামে নেই। পা দিয়ে জায়নামাজ সোজা করা বা মেলতে কোনো অসুবিধে নেই। এতে গুনাহ হবে না।’
.png)

