logo

পড়ে যাওয়া ভাত তুলে না খেলে তা কবরে বিচ্ছু হয়ে কামড়াবে?

পড়ে যাওয়া ভাত তুলে না খেলে তা কবরে বিচ্ছু হয়ে কামড়াবে?

ছোট শিশুরা নিজ হাতে খেতে গেলে প্রায় সময় খাবার বা ভাত ফেলে দেয়। বড়দের কেউ কেউও এমন আছেন, যাদের প্লেট থেকে ভাত পড়ে যায়। কেউ আবার ইচ্ছা করেই ভাত অপচয় করেন। ছোট শিশুদের উপদেশ দিতে গিয়ে অনেকেই বলেন, ‘পড়ে যাওয়া ভাত তুলে খাও, নইলে এগুলো কবরে বিচ্ছু হয়ে কামড়াবে।’

এ কথা সমাজে দীর্ঘ দিন ধরে প্রচলিত আছে। বিশেষ করে গ্রামে মুরব্বিদের মুখে এমন কথা বেশি শোনা যায়। কিন্তু কোরআন-হাদিসে এর কোনো ভিত্তি নেই। ‘প্লেট বা হাত থেকে পড়ে যাওয়া ভাত তুলে না খেলে এগুলো কবরে বিচ্ছু হয়ে কামড়াবে’—এমন কথা কোরআন-হাদিসের কোথাও নেই। 

ঢাকা থেকে প্রকাশিত আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ সম্পাদিত মাসিক আল-কাউসারে ‘প্রচলিত ভুল’ শিরোনামের অধীনে এক বিশ্লেষণে বলা হয়েছে, ‘ছোটদের এ জাতীয় বিষয়ে সতর্ক করা ও উৎসাহ দেওয়া প্রসংশনীয়। কিন্তু তা করতে গিয়ে অমূলক কথা বলা কখনোই সমীচীন নয়।’ 

খাদ্য পড়ে গেলে তা থেকে ময়লা দূর করে খেয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন হজরত মুহাম্মদ (সা.)। হাদিসে আছে, ‘রাসুলুল্লাহ (সা.) আঙুল চেটে খেতেন এবং বলতেন, খাদ্য পড়ে গেলে তা থেকে ময়লা দূর করে খেয়ে নাও এবং তা শয়তানের জন্য রেখে দিও না। তোমাদের তো জানা নেই—খাদ্যের কোন অংশে বরকত রয়েছে।’ (সহিহ মুসলিম, হাদিস: ২০৩৪)

 

খাবার পড়ে গেলে তুলে খাওয়া মহানবীর (সা.) সুন্নত। এ সুন্নত পালনে দস্তরখান ব্যবহার করা উচিত। দস্তরখান থাকলে পড়ে যাওয়া খাবার তুলে খেতে সুবিধা হয়। রাসুলুল্লাহ (সা.) দস্তরখানের ওপর রেখে খাবার খেতেন। (সহিহ বুখারি, হাদিস: ৫৩৮৬)