logo

রমজানের চাঁদ দেখে যে দোয়া পড়বেন 

রমজানের চাঁদ দেখে যে দোয়া পড়বেন 

ইসলামের প্রায় বিধান চাঁদ দেখে পালন করতে হয়। রোজা শুরু ও শেষ করতে হয় চাঁদ দেখে। হজও পালন করতে হয় চাঁদ দেখে। তাই মুসলমানদের জন্য হিজরি ক্যালেন্ডারের হিসাব রাখা ও চাঁদ দেখা অনেক গুরুত্বপূর্ণ কাজ। কোরআনে আছে, ‘তোমাকে নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করে। বলো, তা মানুষের ও হজের জন্য সময় নির্ধারক।’ (সুরা বাকারা, আয়াত : ১৮৯) 

রমজান মাস চলে এসেছে। রাসুলুল্লাহ (সা.) শাবান মাসের ২৯ তারিখ সন্ধ্যায় রমজানের চাঁদের অনুসন্ধান করতেন। সাহাবিদের চাঁদ দেখতে উৎসাহিত করতেন। রাসুলুল্লাহ (সা.) রমজান মাসসহ যে কোনো মাসের নতুন চাঁদ দেখে দোয়া পড়তেন। নতুন চাঁদ দেখে দোয়া পড়া সুন্নত। দোয়াটি হলো—

اللَّهُمَّ أهِلَّهُ عَلَيْنَا بِالأمْنِ وَالإيمانِ، وَالسَّلاَمَةِ وَالإسْلاَمِ، رَبِّي وَرَبُّكَ الله

বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল-য়ুমনি ওয়াল ইমান, ওয়াস সালামাতি, ওয়াল ইসলাম, রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। 

বাংলা অর্থ : হে আল্লাহ, বরকত ও ইমান দিয়ে এবং নিরাপত্তা ও ইসলাম দিয়ে আমাদের ওপর তাকে (চাঁদকে) উদিত করুন। আমার ও তোমার রব হচ্ছেন আল্লাহ। (সুনানে তিরমিজি, হাদিস : ৩৪৫১) 

আব্দুল্লাহ ইবনে উমর থেকে দোয়াটি এভাবেও বর্ণিত হয়েছে, 

 اللَّهُ أَكْبَرُ اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيمَانِ وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ وَالتَّوْفِيقِ لِمَا يُحِبُّ رَبُّنَا وَيَرْضَى رَبُّنَا وَرَبُّكَ اللَّهُ

বাংলা উচ্চারণ : আল্লাহু আকবার। আল্লাহুম্মা উহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ইমান। ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। ওয়াত তাওফিকি লিমা ইউহিব্বু ওয়া ইয়ারদা। রাব্বানা ওয়া রাব্বুকাল্লাহ। 

বাংলা অর্থ : আল্লাহ মহান, হে আল্লাহ, এ নতুন চাঁদকে আমাদের নিরাপত্তা, ইমান ও ইসলামের সঙ্গে উদয় করো। আর তুমি যা ভালোবাস এবং যাতে তুমি সন্তুষ্ট হও, সেটাই আমাদের করার তাওফিক দাও। (হে চাঁদ) আমাদের ও তোমার রব এক আল্লাহ। (সুনানে দারেমি, হাদিস : ১৭২৪) 

চাঁদ দেখার জন্য হাদিসে গুরুত্বারোপ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর (রা.) বলেন, ‘আল্লাহর রাসুল (সা.) রমজানের কথা আলোচনা করে বললেন, চাঁদ না দেখে তোমরা রোজা রাখবে না এবং চাঁদ না দেখে ইফতার করবে না।’ (সহিহ বুখারি, হাদিস : ১৯০৬)