হেফাজতে ইসলামের এক নেতাকে বহিষ্কার

হেফাজতে ইসলাম বাংলাদেশ ভোলা জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম ফারুকীকে সংগঠনের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।
শুক্রবার (১৫ মে) সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১২টায় রাজধানীর জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুমে সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের দায়িত্বশীল নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।
বৈঠকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী কর্তৃক সংগঠনের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর বিরুদ্ধে উত্থাপিত মিথ্যা ও বানোয়াট অভিযোগ এবং হেফাজতের জ্যেষ্ঠ নেতাদের জড়িয়ে চালানো অপপ্রচারের তীব্র নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অপবাদ প্রদান এবং মহাসচিব আল্লামা সাজিদুর রহমানসহ কেন্দ্রীয় নেতাদের নাম ব্যবহার করে বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে মাওলানা রাকিবুল ইসলাম ফারুকীকে আমিরে হেফাজতের নির্দেশে হেফাজতের ভোলা জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক পদ ও সংগঠনের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এতে আরও বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন প্ল্যাটফর্মে ভিত্তিহীন বক্তব্য ও বিকৃত তথ্য প্রচারের মাধ্যমে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতাদের মানহানি, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং সংগঠনের মধ্যে বিভক্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এটি সত্য ও ন্যায়ের পরিপন্থি এবং মুসলিম সমাজে বিভেদ সৃষ্টির অপচেষ্টা ছাড়া আর কিছু নয়।
হেফাজত নেতাদের মতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা চত্বরের গণহত্যা সংক্রান্ত মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিলের পূর্বমুহূর্তে মামলার বাদী মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার চালিয়ে বিচার কার্যক্রম বাধাগ্রস্ত করার জন্য দেশি-বিদেশি একটি চক্র ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
দেশবাসী ও সর্বস্তরের জনতার প্রতি আহ্বান জানিয়ে হেফাজত নেতারা বলেন, গুজব, অপপ্রচার বা যাচাইবিহীন তথ্যে বিভ্রান্ত না হয়ে ধৈর্য, সচেতনতা ও ঐক্য বজায় রাখতে হবে। ইসলামবিদ্বেষী ও ষড়যন্ত্রকারী মহলের এজেন্ডা বাস্তবায়নের সুযোগ যেন কেউ না পায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার এবং সামাজিক সম্প্রীতি বিনষ্ট হয়—এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজতের নায়েবে আমির মুফতি জসিম উদ্দিন, আল্লামা সালাহউদ্দীন নানুপুরী, মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি মুনির হোসাইন কাসেমী, সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ, প্রচার সম্পাদক মুফতি কেফায়েত উল্লাহ আজহারী, অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, সহকারী অর্থ সম্পাদক মুফতি সালাহউদ্দীন, মুফতি কামাল উদ্দীন, সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতি শামসুল ইসলাম জিলানী, সহকারী প্রচার সম্পাদক মাওলানা মুফতি শরিফুল্লাহ, মাওলানা গাজী ইয়াকুব উসমানী, মাওলানা যোবায়ের আহমাদ, মাওলানা শাব্বির আহমাদ, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা ইমরানুল বারী সিরাজী, মাওলানা আল-আমিন ফয়জী, মুফতি আল-আমিনসহ প্রমুখ।
