logo

গুজব ছড়ালে যে গুনাহ হয় 

গুজব ছড়ালে যে গুনাহ হয় 

আধুনিকোত্তর এই যুগে ব্যাপক জনপ্রিয় হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম। এতে মানুষের জীবনযাত্রা সহজ ও সাবলীল হয়েছে। তবে একইসঙ্গে তথ্যের অবাধ প্রবাহ মানুষকে তুমুল বিভ্রান্ত করছে। প্রতিনিয়ত বিপদে ফেলছে। ব্যক্তিগত তথ্য কিংবা অন্যের যে কোনো তথ্য সুরক্ষার বিষয়ে ইসলামের নির্দেশনা অত্যন্ত কঠোর। তথ্য প্রকাশ করে মানুষকে বিপদে ফেলা বা গুজব ছড়ানো গুনাহ।

বিশ্বের বৃহৎ এক জনগোষ্ঠী সামাজিক যোগাযোগামাধ্যম ব্যবহার করে। সেখানে নানা মত, ভিন্ন আয়োজন ও হরেক রকম খবরের চর্চা হয়। বিশেষ করে আমাদের দেশে যে কোনো খবর সবকিছুর আগে ফেসবুকে ছড়িয়ে পড়ে। ইসলামে কোনো সংবাদ গ্রহণ বা প্রচার করার আগে এর সত্যতা যাচাই-বাছাই অত্যন্ত জরুরি।

কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে খবর পাওয়া গেলে গভীরভাবে দেখতে হবে, খবর পাওয়ার মাধ্যম নির্ভরযোগ্য কি না। খবরের ভিত্তিতে তৎপরতা চালানোর আগে খবরটি সঠিক কি না তা যাচাই-বাছাই করে নেওয়া নৈতিক দায়িত্ব।

অসত্য, মিথ্যা, সন্দেহ সৃষ্টিকারী, গুজব কিংবা পরস্পরে শত্রুতা সৃষ্টি হয়—এমন কিছু পোস্ট ও প্রচার থেকে বিরত থাকতে হবে। সংবাদ যাচাই-বাছাই না করে গুজব ছড়ানো ভয়াবহ পাপ। আল্লাহ বলেন, ‘হে মুসলমানরা, যদি কোনো পাপাচারী লোক কোনো খবর নিয়ে আসে, তাহলে তা যাচাই-পরীক্ষা করে দেখবে। যেন অজ্ঞতাবশত কোনো জাতির ওপর আক্রমণ করা না হয়। এমন কাজ করলে তোমাদের নিজেদের কার্যকলাপ সম্পর্কে অনুতাপ করতে হবে।’ (সুরা হুজুরাত, আয়াত: ৬)

মিথ্যা, ভুল সংবাদ বা ভুল তথ্য ডেকে আনতে পারে কঠিন বিপর্যয়। ভুল সংবাদ অপূরণীয় ক্ষতি বয়ে আনতে পারে। তাই সংবাদ বা তথ্য গ্রহণের সময় অত্যন্ত সতর্কতার সঙ্গে তা গ্রহণ করতে হবে। শোনা কথা যাচাই ছাড়া বলা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। 

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সব শোনা কথা (যাচাই-বাছাই করা ছাড়া) বলা কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৯৯২)

গুজব হলো ভিত্তিহীন কোনো কথার প্রচার। কোনো অবস্থায়ই গুজব ছড়ানোকে সমর্থন করে না ইসলাম। ইসলামের শিক্ষা হলো, মানুষ সর্বতোভাবেই তা পরিহার করবে। বরং প্রয়োজন ছাড়া কোনো কথা সে বলবে না। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে চুপ থাকে সে মুক্তি পায়।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২৫০১) 

গুজব রটানো হলো শয়তানের কাজ। হাদিসে আছে, ‘শয়তান মানুষের রূপ ধরে তাদের কাছে আসে এবং তাদের মিথ্যা কথা শোনায়। এরপর লোকজন চারদিকে ছড়িয়ে পড়ে এবং তাদের কেউ বলে, আমি এমন এক ব্যক্তিকে এ কথা বলতে শুনেছি, যার চেহারা চিনি, কিন্তু নাম জানি না।’ (সহিহ মুসলিম)

 

যাচাই না করে সংবাদ প্রচার করা নিজেকে মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত করার জন্য যথেষ্ট। তথ্য পেলেই যাচাই করা ছাড়া প্রচার করা যাবে না। যাচাই ছাড়া যারা তথ্য প্রচার করে, আল্লাহ তাদের নিন্দা করেছেন। কোরআনে আছে, ‘যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, এর অনুসরণ করো না। নিশ্চয়ই কান, চোখ, অন্তরের প্রতিটি বিষয়ে জিজ্ঞাসা করা হবে।’ (সুরা বনি ইসরাইল, আয়াত: ৩৬)