Advertisement

হজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার, নিষেধাজ্ঞার তালিকায় যারা

এশিয়া পোস্ট প্রতিবেদক
হজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার, নিষেধাজ্ঞার তালিকায় যারা
ছবি: সংগৃহীত

আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম, যা চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। নিবন্ধনের এই সময়সূচি ঘোষণার পাশাপাশি ১৫ বছরের কম বয়সি এবং নানা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের হজে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

রোববার (২৬ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুসরণ করে এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। হজে গমনেচ্ছুকদের নির্ধারিত ২৪ সেপ্টেম্বরের মধ্যেই প্রাথমিক নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে সরকারি ও বেসরকারি যে কোনো মাধ্যমে হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে। তবে এর আগে হজযাত্রীদের আবশ্যিকভাবে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন করে নিতে হবে। আর প্রাথমিক নিবন্ধন সম্পন্নকারীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের বাকি টাকা পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করতে হবে।

সরকারি মাধ্যমে হজে যেতে ইচ্ছুকরা অনলাইন ই-হজ সিস্টেমে (hajj.gov.bd) নিজ অ্যাকাউন্টের মাধ্যমে ঘরে বসেই নিবন্ধন করতে পারবেন। এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, বায়তুল মোকাররম কার্যালয় এবং ঢাকা হজ অফিসে নিবন্ধনের সুযোগ থাকছে।

নিবন্ধন ফি জমা দেওয়ার ক্ষেত্রে সরকারি মাধ্যমের হজযাত্রীদের সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে টাকা জমা দিতে হবে। অপরদিকে, বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের টাকা জমা দিতে হবে এজেন্সি নির্ধারিত ব্যাংক হিসাবে, যা হজ পোর্টালে এজেন্সির প্রোফাইলে পাওয়া যাবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে হজে গমনে শারীরিক অযোগ্যতা ও নিষেধাজ্ঞার বিষয়টি বিস্তারিত জানানো হয়েছে। ১৫ বছরের কম বয়সি কেউ হজে অংশ নিতে পারবে না। পাশাপাশি হৃদযন্ত্র, ফুসফুস, লিভার বা কিডনি রোগ, স্নায়ুবিক ও মানসিক ব্যাধি, ডিমনেশিয়া এবং কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি নিচ্ছেন এমন ক্যান্সার রোগীরা হজে যেতে পারবেন না।

এ ছাড়া জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সংক্রামক রোগ যেমন যক্ষ্মা ও হেমোরেজিক ফিভারে আক্রান্ত ব্যক্তি এবং গর্ভাবস্থার শেষ দুই মাস ও ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারী হজযাত্রীদের স্বাস্থ্যগত সনদ দেওয়া হবে না।

প্রাথমিক নিবন্ধনের সময় আবেদনকারীদের আবশ্যিকভাবে প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরন এবং কাঙ্ক্ষিত হজ প্যাকেজ নির্বাচন করতে হবে। একই সঙ্গে নিবন্ধনের সুবিধার্থে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ থাকা পাসপোর্ট থাকা বাধ্যতামূলক করা হয়েছে।