পশ্চিম দিকে থুতু ফেললে কি গুনাহ হবে

আমরা অনেকেই থুতু ফেলার সময় খেয়াল করি না, কোন দিকে থুতু ফেলছি। এটা নিয়ে তেমন গ্রাহ্যও থাকে না অনেকের। ইসলামে থুতু ফেলারও নিয়ম আছে। ইসলাম মানুষকে বাঁ দিকে থুতু ফেলতে উৎসাহিত করেছে। পশ্চিম দিক বা কিবলার দিকে থুতু ফেলতে নিষেধ করা হয়েছে। কারণ, পশ্চিম দিকে আছে পবিত্র কাবাঘর।
কাবার প্রতি সম্মান প্রদর্শন করা মুসলিম জাতির ইমানি দায়িত্ব। কাবাকে ভালোবাসা ইমানের অংশ। কাবাকে অসম্মান করা হারাম ও কবিরা গুনাহ।
ইসলাম বিশেষজ্ঞদের মতে, কিবলার দিকে থুতু দেওয়া হারাম। এতে গুনাহ হবে। কিবলার দিকে থুতু দিলে ব্যক্তি কেয়ামতের দিন চেহারায় থুতু নিয়ে উঠবে।
হাদিসে আছে, আনাস ইবনে মালিক (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) কিবলার দিকে (দেয়ালে) ‘কফ’ দেখলেন। এটা তার কাছে কষ্টদায়ক মনে হলো। এমনকি তার চেহারায় তা ফুটে উঠল। তিনি উঠে গিয়ে তা হাত দিয়ে পরিষ্কার করে বললেন, তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায়, সে তার রবের সঙ্গে একান্তে কথা বলে। অথবা বলেছেন, তার ও কিবলার মাঝখানে তার রব আছেন। কাজেই, তোমাদের কেউ যেন কিবলার দিকে থুতু না ফেলে। বরং সে যেন তার বাঁ দিকে বা পায়ের নিচে তা ফেলে। এরপর চাদরের আঁচল দিয়ে—তিনি তাতে থুতু ফেললেন এবং তার এক অংশকে অন্য অংশের ওপর ভাঁজ করে বললেন, অথবা সে এমন করবে।’ (সহিহ বুখারি, হাদিস: ৪০৫)
মসজিদের বাইরেও কিবলার দিকে থুতু ফেলা উচিত নয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে কিবলার দিকে থুতু ফেলবে, কিয়ামতের দিন তার চেহারায় ওই থুতু অবস্থায় সে উত্থিত হবে।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৩৮২৪)
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ইউটিউবে এক প্রশ্নের জবাবে বলেন, ‘পশ্চিম দিকে থুতু ফেলা যাবে না। রাসুলুল্লাহ (সা.) পশ্চিম দিকে কফ, শ্লেষ্মা ও থুতু ফেলতে নিষেধ করেছেন। কখনও ভুলে পশ্চিম দিকে থুতু ফেললে সঙ্গে সঙ্গে তওবা করতে হবে। সবচেয়ে উত্তম হলো বাঁয়ে ফেলা। কিবলার দিকে ফেললে গুনাহ হবে।’



