রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?

মহানবী (সা.)-এর সুন্নত ও নানাবিধ কারণে প্রায় মুসলমান আতর বা পারফিউম ব্যবহার করেন। রমজানেও ব্যবহার করতে চান তারা। কিন্তু অনেকে দ্বিধায় পড়ে যান, রোজা রেখে আতর বা পারফিউম ব্যবহার করলে রোজা ভাঙবে কি না।
রোজা রেখে আতর বা পারফিউম ব্যবহার করা যাবে। এতে রোজার কোনো ক্ষতি হবে না। তবে খেয়াল রাখতে হবে, আতর বা পারফিউমের ধোঁয়া যেন গলার ভেতর প্রবেশ না করে। কারণ, স্বাভাবিক প্রবেশপথ দিয়ে পেটে বা মস্তিষ্কে কোনো কিছু প্রবেশ করলে রোজা ভেঙে যায়। আতর বা পারফিউমের ঘ্রাণ নেওয়ার কারণে সরাসরি তা শরীরে প্রবেশ করে না। তাই রোজা রেখে আতর, সুগন্ধি ও পারফিউম ব্যবহার করলে রোজা ভাঙবে না।
সুগন্ধি ব্যবহার করা সব নবী-রাসুলের সুন্নত ছিল। রাসুলুল্লাহ (সা.) আতর বা সুগন্ধি পছন্দ করতেন। সুগন্ধি ব্যবহার করতেন। কেউ সুগন্ধি হাদিয়া দিলে নিতেন, ফেরত দিতেন না। আবু আইয়ুব আনসারি (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মিসওয়াক ও লজ্জাস্থান ঢেকে রাখা।’ (মুসনাদে আহমাদ, হাদিস: ২২৪৭৮)
পৃথিবীতে রাসুলুল্লাহ (সা.)-এর প্রিয় বস্তুগুলোর একটি সুগন্ধি। আনাস (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের দুনিয়া থেকে আমার কাছে তিনটি জিনিস অধিক প্রিয়। নারী, সুগন্ধি আর আমার চক্ষু শীতল হয় নামাজের মাধ্যমে।’ (সুনানে নাসায়ি, হাদিস: ৩৯৩৯)
সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের খাওয়া, পানাহার ও স্ত্রী-সম্ভোগ থেকে বিরত থাকা হলো রোজা। আল্লাহ বলেন, ‘হে মুমিনরা, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের আগের মানুষের ওপর। যেন তোমরা আল্লাহভীরু হতে পারো।’ (সুরা বাকারা, আয়াত: ১৮৩)