logo

স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যায়

স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যায়

রোজা রেখে দিনের বেলায় প্রায় মানুষই ‍ঘুমান। ঘুমের মধ্যে কারও স্বপ্নদোষ হয়। কেউ কেউ মনে করেন, রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যায়। এ বিষয়ে সঠিক মাসআলাটি এখানে আলোচনা করা হলো—

মৌলিক তিনটি কারণে রোজা ভেঙে যায়। যেমন—খাওয়া, পান করা ও সহবাস। সুতরাং রোজা রাখার পর কোনোভাবেই এ কাজগুলো করা যাবে না। এ তিনটির কোনো একটি করলে রোজা ভেঙে যাবে। এ তিনটি মৌলিক বিষয়ের ওপর ভিত্তি করে আরও কিছু কাজ আছে, যা করলে রোজা ভেঙে যায়। 

রোজা অবস্থায় দিনের বেলায় স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না। কারণ, এটি ইচ্ছাধীন বা নিয়ন্ত্রণাধীন নয়। রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে স্বাভাবিকভাবেই রোজা সম্পূর্ণ করতে হবে। কাজা বা কাফফারা কিছুই লাগবে না। তবে গোসল ফরজ হবে। আবু সাইদ খুদরি (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তিনটি জিনিস রোজা ভঙ্গের কারণ নয়—বমি, শিঙ্গা লাগানো ও স্বপ্নদোষ।’ (বায়হাকি, শুয়াবুল ঈমান, ৪/২৬৪)

নারীদেরও স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না। উম্মে সালামা (রা.) বলেন, ‘আবু তালহা (রা.)-এর স্ত্রী উম্মে সুলাইম (রা.) রাসুলুল্লাহ (সা.)-এর কাছে এসে বললেন, ‘হে আল্লাহর রাসুল, আল্লাহ তাআলা সত্যের বিষয়ে নিঃসঙ্কোচ। (আমার জিজ্ঞাসা হলো) কোনো নারীর স্বপ্নদোষ হলে কি তার ওপর গোসল ফরজ হয়?’ রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘হ্যাঁ। যদি সে পানি (ভেজা) দেখতে পায়।’ (সহিহ বুখারি: ১/৪২)

 

ছেলেদের মতো মেয়েদেরও স্বপ্নদোষ হয় এবং এক্ষেত্রে ছেলেমেয়ে উভয়ের গোসল ফরজ হয়। রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যায় ভেবে পানাহার করা ঠিক নয়। বরং রোজা পালন করে তা পরিপূর্ণ করতে হবে।