logo

নির্বাচনি লিফলেটে ‘বিসমিল্লাহ’ লেখা যাবে? 

নির্বাচনি লিফলেটে ‘বিসমিল্লাহ’ লেখা যাবে? 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রায় সব সংসদ পদপ্রার্থী নির্বাচনি লিফলেট বিতরণ করছেন। কেউ কেউ বিভিন্ন জায়গায় বড় ব্যানার লাগিয়েছেন। এসব লিফলেট ও ব্যানারের শুরুতে অনেক লিখেছেন, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ (পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি)। নির্বাচনি লিফলেট-ব্যানার ছাড়াও অনেক প্রচারণা পোস্টারে লেখা থাকে ‘বিসমিল্লাহ’। প্রশ্ন হলো, নির্বাচনি লিফলেটে বা যে কোনো পোস্টারে ‘বিসমিল্লাহ’ লেখা যাবে কি না?

যে কোনো ভালো কাজ ‘বিসমিল্লাহ’ বা আল্লাহর নামে শুরু করা সুন্নত। এতে কাজে বরকত হয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রতিটি কথা বা কাজ—যা আল্লাহর নাম ছাড়া শুরু করা হয়, তা লেজবিহীন বা অসম্পূর্ণ।’ (সুনানে আবু দাউদ, হাদিস : ৪৮৪০)

আল্লাহর নাম নিয়ে কাজ শুরুর গুরুত্ব বোঝাতে কোরআনে আছে, ‘যাতে আল্লাহর নাম নেওয়া হয়নি তা তোমরা খেয়ো না, কেননা তা তো অনাচার। আর শয়তান তো তার বন্ধুদের উসকানি দেয় তোমাদের সঙ্গে বিবাদ করতে। যদি তোমরা তাদের কথামতো চলো, তবে তোমরা তো অংশীবাদী হয়ে যাবে।’ (সুরা আনয়াম, আয়াত : ১২১)

লিফলেট বা পোস্টার যত্নে রাখা হয় না। একটা সময় তা ছিঁড়ে ফেলা হয়। তখন তা পায়ের নিচে পড়ে। ডাস্টবিনে পড়ে। এতে আল্লাহর নামের অসম্মান হয়। কোরআনের আয়াতের অমর্যাদা হয়। এ বিষয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, ‘পোস্টার বা লিফলেটে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ লেখা ওই সময় অনুচিত, যখন আমি জানি, পোস্টারটা একসময় ছিঁড়ে ফেলা হবে, এটা পায়ের নিচে পড়বে, ড্রেনে ইত্যাদি জায়গায় পড়বে। এতে আল্লাহর নামের অসম্মান হবে। কোরআনের আয়াতের অসম্মান হবে।’

 

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক বা ভালো উদ্দেশ্যে লিফলেটে ‘বিসমিল্লাহ’ লেখার পর সেটা যদি সংরক্ষণে না থাকে, বরং একটা সময় এটা ছিঁড়ে ফেলা হয়, পায়ের নিচে পড়ে যায়, তাহলে বিসমিল্লাহ বা আল্লাহর নাম লেখা উচিত নয়। কারণ আল্লাহর নামের অসম্মান হয়। তবে লিফলেট যদি সংরক্ষণের জন্য করা হয়, তাহলে ‘বিসমিল্লাহ’ লিখতে অসুবিধা নেই।’