logo

খেজুর দিয়ে ইফতার করা কি আবশ্যক

খেজুর দিয়ে ইফতার করা কি আবশ্যক

রোজা রেখে ইফতার করা সুন্নত। আমাদের দেশে ইফতারে নানারকম মুখরোচক খাবারের সঙ্গে খেজুর থাকে প্রধান খাবার হিসেবে। রাসুলল্লাহ (সা.) নিজে ইফতারে খেজুর খেতেন এবং সাহাবিদেরও তিনি ইফতারে খেজুর খেতে উৎসাহ দিতেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যখন তোমাদের কেউ ইফতার করে, সে যেন খেজুর দিয়ে ইফতার করে। কেননা, এতে বরকত রয়েছে।’ (মেশকাতুল মাসাবিহ, হাদিস: ১৮৯৩)

রাসুলুল্লাহ (সা.) সাধারণত কাঁচা খেজুর দিয়ে ইফতার করতেন। কাঁচা খেজুর না থাকলে শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন। খেজুর না থাকলে পানি পান করে রোজা ভাঙতেন। আনাস ইবনে মালেক (রা.) বলেন, ‘নবী (সা.) নামাজের আগে কয়েকটি কাঁচা খেজুর খেয়ে ইফতার করতেন। যদি কাঁচা খেজুর না থাকত, তাহলে শুকনো খেজুর দিয়ে। যদি শুকনো খেজুরও না থাকত তাহলে কয়েক ঢোক পানি দিয়ে ইফতার করতেন।’ (সুনানে তিরমিজি, হাদিস: ৬৩২)

খেজুর ছাড়া তৎকালীন আরবের প্রচলিত খাবার দিয়েও ইফতার করেছেন মহানবী (সা.)।   আবদুল্লাহ ইবনে আবি আউফ (রা.) বলেন, ‘রোজায় আমরা রাসুল (সা.)-এর সফরসঙ্গী ছিলাম। সূর্যাস্তের সময় তিনি একজনকে ডেকে বললেন, ছাতু ও পানি মিশিয়ে ইফতার পরিবেশন করো।’ (সহিহ মুসলিম, হাদিস: ১০৯৯)

রাসুলুল্লাহ (সা.) যেসব কাজ নবী হিসেবে করেছেন, তা বিশ্বাসী মানুষের জন্য পালন করা আবশ্যক। তিনি মানুষ বা ব্যক্তি হিসেবে যা করেছেন, তা পালন করা আবশ্যক নয়। তবে এগুলো পালনেও সওয়াব ও বরকত রয়েছে। রাসুলুল্লাহ (সা.) খেজুর খেতেন পুষ্টিগুণ এবং তৎকালীন মদিনার প্রধান খাবার হিসেবে। শরিয়তের বিধান হিসেবে খেজুর খেতেন না। খেজুর দিয়ে ইফতার করা রোজাদারের জন্য আবশ্যকীয় নয়। এটি মুস্তাহাব।

খেজুর দিয়ে ইফতারে বেশ উপকারিতা রয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, শরীরে প্রয়োজনীয় সব পুষ্টির জোগান দেয় খেজুর। এটি খুব সহজে হজম হয়। এতে থাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট। সারা দিন উপোস থাকার পরে শরীরে প্রয়োজনীয় কার্বোহাইড্রেট দ্রুত পূরণ করে খেজুর। এ ছাড়াও খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম, ক্যালশিয়াম, তামা, সেলেনিয়াম এবং ম্যাগনেশিয়াম। 

আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী রমজান এলেই খেজুরের দাম বাড়িয়ে দেন। কোনো কোনো ইসলামি স্কলার বলেন, সামগ্রিকভাবে সর্বস্তরের মানুষের কল্যাণ নিশ্চিত করতে অসাধু ব্যবসায়ীদের কালোবাজারি রুখে দিতে খেজুর ছাড়া অন্য কিছু দিয়ে ইফতার করা নৈতিক দায়িত্ব।