logo
Advertisement

ইসমে আজম কী, এর শক্তি ও রহস্য

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
ইসমে আজম কী, এর শক্তি ও রহস্য
পবিত্র কোরআনের প্রচ্ছদ ও তাসবিহ। ছবি: পিক্সেলস

ইসমে আজম হলো আল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম। আল্লাহর যেসব নামে তাঁর বড়ত্ব ও শ্রেষ্ঠত্ব সবচেয়ে বেশি প্রকাশিত হয়, সেই নামগুলোয় ইসমে আজম। ইমাম ইবনে কাসির (রহ.) বলেন, ইসমে আজম আল্লাহর সেই নাম, যা তাঁর মহিমা ও গুণাবলির পূর্ণ প্রকাশ করে এবং দোয়ায় এর ব্যবহার বান্দাকে আল্লাহর কাছে নৈকট্য দেয়। (তাফসিরে ইবনে কাসির, খণ্ড: ২, পৃষ্ঠা: ১২৩)

কোরআন বা হাদিসে ইসমে আজম হিসেবে কোনো নির্দিষ্ট নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। আলেমদের মতে, ‘আর-রহমান’, ‘আর-রহিম’, আল-হাইয়ু’ ও ‘আল-কাইয়ুম’ নামগুলো ইসমে আজম হতে পারে।

হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘আল্লাহর ৯৯টি নাম রয়েছে, যে ব্যক্তি সেগুলো মুখস্থ করবে, সে জান্নাতে প্রবেশ করবে।’ (সহিহ বুখারি, হাদিস: ৭৩৯২)

হাদিসে উল্লেখ আছে, ইসমে আজম দিয়ে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করেন।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ১৪৯৫)

রাসুলুল্লাহ (সা.) হাদিসে একাধিক আয়াত ও মাসনুন দোয়ায় ‘ইসমে আজম’ আছে বলে ঘোষণা দিয়েছেন। তিনি যেসব দোয়াকে ইসমে আজম বলে ঘোষণা করেছেন, এখানে এমন কিছু দোয়া তুলে ধরা হলো—

আনাস (রা.) বলেন, এক সাহাবি রাসুলুল্লাহ (সা.)-এর উপস্থিতিতে এই শব্দগুলো দিয়ে দোয়া করছিলেন—

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ، لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ وَحْدَكَ لاَ شَرِيكَ لك الْمَنَّانُ بَدِيعَ السَّمَوَاتِ وَالأَرْضِ، يَا ذَا الْجَلالِ وَالإِكْرَامِ، يَا حَيُّ يَا قَيُّومُ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বি আন্না লাকাল হামদা, লা ইলাহা ইল্লা আংতা ওয়াহদাকা, লা শারিকা লাকান মান্নানু, বাদিয়াস সামাওয়াতি ওয়াল আরজি, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম।

অর্থ: হে আল্লাহ, আপনার কাছে এই অসিলায় চাই যে, (আমি বলি) শুধু আপনারই প্ৰশংসা, আপনি ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই, আপনি এক, আপনার কোনো শরিক নেই, অনুগ্রহ প্রদর্শনকারী হে আসমানসমূহ ও জমিনের সৃষ্টিকর্তা, হে মর্যাদা ও সম্মান দানের অধিকারী। হে চিরঞ্জীব ও সর্বনিয়ন্তা।

ওই সময় রাসুলুল্লাহ (সা.) বলেছিলেন, এই লোক মহান আল্লাহর ওই ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছে যার মাধ্যমে দোয়া করা হলে আল্লাহ কবুল করেন এবং প্রার্থনা করা হলে তিনি তা দান করেন। (সুনানে আবু দাউদ, হাদিস: ১৪৯৫)

আবু উমামা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহর ইসমে আজম কোরআনের তিনটি সুরা—বাকারা, আল ইমরান ও তহার মধ্যে রয়েছে।’ (সুনানে ইবন মাজাহ, হাদিস: ৩৮৫৬)

বুরাইদা ইবনে হুসাইব (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) এক সাহাবিকে বলতে শুনেছেন,

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ أَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইন্নি আশহাদু ইন্নাকা আংতাল্লাহু, লা ইলাহা ইল্লা আংতাল আহাদুস সামাদু, আল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম য়াকুন লাহু, কুফুওয়ান আহাদ।

অর্থ: হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার কাছে চাচ্ছি। নিশ্চয় আমি সাক্ষ্য দিচ্ছি, আপনিই আল্লাহ। আপনি ছাড়া কোনো উপাস্য নেই, যিনি একক, অমুখাপেক্ষী যিনি কাউকে জন্ম দেননি, তার থেকে কেউ জন্ম নেননি এবং তাঁর সমকক্ষ কেউ নেই।

ওই সময় রাসুলুল্লাহ (সা.) বলেছিলেন, তুমি আল্লাহর ওই নাম নিয়ে দোয়া করেছ, যার মাধ্যমে প্রার্থনা করা হলে তিনি তা দান করেন এবং দোয়া করা হলে কবুল করেন। (সুনানে আবু দাউদ, হাদিস: ১৪৯৩)

আসমা বিনত ইয়াজিদ বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহর ইসমে আজম দুটি আয়াতে রয়েছে-

وَإِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ لَا إِلَهَ إِلَّا هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ

উচ্চারণ: ওয়া ইলাহুকুম ইলাহুও ওয়াহিদ, লা ইলাহা ইল্লা হুওয়ার রাহমানুর রাহিম এবং আল ইমরানের শুরুর আয়াত الم . اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ উচ্চারণ: আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়ুম। (সুনানে আবু দাউদ, হাদিস: ১৪৯৬)

কোনো কোনো সাহাবি থেকে থেকে বর্ণিত আছে, الْحَيُّ (আল-হাইয়ু) এবং الْقَيُّومُ (আল-কাইয়ুম) আল্লাহর ইসমে আজম। ইমাম রাজি (রহ.) ও আল্লামা নববি (রহ.) এ মতকেই গ্রহণ করেছেন। (ফাতাওয়া উসমানি, খণ্ড: ১, পৃষ্ঠা: ২৬৪)

ইমাম মুহাম্মদ (রহ.) বলেন, আমি ইমাম আবু হানিফা (রহ.) থেকে শুনেছি, আল্লাহ তাআলার ইসমে আজম হল, اللَّه (আল্লাহ)। (আত-তাকরির ওয়াত-তাহবির: ১/৫)। কেননা, এটি তাঁর সত্তাগত নাম। তাছাড়া কোরআন মজিদে এই নামটিই ২৬৯৭ বার এসেছে। এত বেশি তাঁর অন্য নাম আসে নি।

আল্লামা জাজিরি (রহ.) বলেছেন, আমার মতে ইসমে আজম হলো,

لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ

উচ্চারণ: লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়ুম।

কেউ কেউ কলেছেন, ইসমে আজম একটি রহস্য। আল্লাহ কাউকে জানাননি। (ফাতহুল বারি, খণ্ড: ১১, পৃষ্ঠা: ২২৪)