logo

সৌদি আরব পৌঁছেছেন ৩৩ হাজার ৩১৮ হজযাত্রী

সৌদি আরব পৌঁছেছেন ৩৩ হাজার ৩১৮ হজযাত্রী

পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৩৩ হাজার ৩১৮ হজযাত্রী। সরকারি-বেসরকারি মোট ৮৪টি ফ্লাইটে সৌদিতে পৌঁছান তারা।

শনিবার (২৫ এপ্রিল) ঢাকা হজ অফিস থেকে পাঠানো সবশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার সকাল ১০টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৫টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছান ১৪ হাজার ৬৯ হজযাত্রী, সৌদি এয়ারলাইনসের ৩১টি ফ্লাইটে ১২ হাজার ১১৪ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৩৫ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছান।

এদিকে চলতি বছর হজ পালনে সৌদি গিয়ে এখন পর্যন্ত দুই বাংলাদেশি মারা গেছেন। তারা হলেন—টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম ও জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মণ্ডল। 

বাংলাদেশ থেকে এ বছরের প্রথম হজ ফ্লাইটটি যাত্রা করে ১৮ এপ্রিল। ওই দিন ৪১৮ জন হজযাত্রী নিয়ে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়।

এবার সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন ৫ হাজার ৫৬৫ হজযাত্রী। বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন।

 

চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং তা শেষ হবে ১ জুলাই।