logo
Advertisement

রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে যে সওয়াব পাওয়া যায়

এশিয়া পোস্ট ডেস্ক
রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে যে সওয়াব পাওয়া যায়
পূর্বাচল এক্সপ্রেসওয়ে। ছবি: সংগৃহীত

সভ্য পৃথিবীর যোগযোগব্যবস্থার অন্যতম মাধ্যম নিরাপদ পথ বা সড়ক। নিরাপদ পথ নিশ্চিত করে পথচারীর জীবনের নিরাপত্তা। পথ চলাচলে মানুষের জীবনযাপন সহজের জন্য পথ ছায়া-সুনিবিড় হওয়া জরুরি। পথ চলতে কষ্টের কারণ হয়, এমন কিছু রাস্তায় ফেলা যাবে না।

Advertisement

সড়কে চলাচলের অধিকার সবার আছে। একজন মুমিন সড়কে তার নিজের অধিকারের বিষয়ে যেমন সচেতন থাকবে, তেমনি অন্যের অধিকারের বিষয়েও সচেতন থাকবে। সড়ককে এমনভাবে ব্যবহার করা যাবে না, যার ফলে অন্যের ভোগান্তি হয়। এমন কিছু সড়ক বা পথে ফেলে রাখতে পারবে না, যা অন্যের কষ্টের কারণ হয়।

পথ বা সড়কের মধ্যে কোনো কষ্টদায়ক বস্তু থাকলে সরিয়ে ফেলতে হবে। পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা ইমানের অংশ। এতে সওয়াব পাওয়া যায়। হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘এক ব্যক্তি চলাচলের পথে একটি কাঁটাযুক্ত ডাল দেখতে পেয়ে তা সরিয়ে দিল। আল্লাহ তার এ ভালো কাজ পছন্দ করেন এবং (তার পাপ) ক্ষমা করে দেন।’ (সহিহ মুসলিম, হাদিস: ৬৫৬৩)

আমাদের দেশের প্রায় ফুটপাত বিভিন্ন দোকান ও গাড়ি পার্কিংয়ে দখল হয়ে আছে। কখনো ফুটপাতের ওপর মোটরসাইকেল, সাইকেল ইত্যাদি যানবাহনও চলতে দেখা যায়। এতে মানুষের দুর্ভোগ বাড়ে। কষ্ট হয়। কোথাও কোথাও দুর্ঘটনাও ঘটে। মনে রাখতে হবে, ফুটপাতের অবৈধ ব্যবহার হারাম। ফুটপাত দখল করে মানুষকে কষ্ট দেওয়া গুনাহের কাজ।

জান্নাত মুমিনের সবচেয়ে বড়ো প্রত্যাশিত আবাসস্থল। জীবন স্বার্থকতার উজ্জ্বল উদাহরণ। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূরকারী মুসলমান জান্নাতে যাবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আমি এক লোককে একটি গাছের কারণে জান্নাতে আনন্দ-ফুর্তি করতে দেখেছি। গাছটি সে রাস্তার ওপর থেকে দূর করেছিল, যা মানুষকে কষ্ট দিত।’ (সহিহ মুসলিম, হাদিস: ৬৫৬৫)

সাহাবিরা প্রায় সময় রাসুলুল্লাহ (সা.)-এর কাছে উত্তম আমল সম্পর্কে জানতে চাইতেন। জান্নাতে যাওয়ার পথ খুঁজতেন। রাসুলুল্লাহ (সা.) তাদের সঠিক পথের দিশা দিতেন। জান্নাতে যাওয়ার সহজ পথ বাতলে দিতেন। একবার এক সাহাবি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে আল্লাহ উপকৃত করেন এমন আমলের কথা জানতে চাইলেন। রাসুলুল্লাহ (সা.) তাকে পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলতে আদেশ করলেন।

আবু বারজা আসলামি (রা.) বলেন, ‘আমি রাসুলুল্লাহ (সা.)-এর সমীপে আবেদন করলাম—হে আল্লাহর রাসুল, আমি জানি না, হয়তো একদিন আপনি দুনিয়া ছাড়বেন আর আমি বেঁচে থাকব। সুতরাং আমাকে এমন কিছু বাণী শিখিয়ে দিন, যা দিয়ে আল্লাহ আমাকে উপকৃত করবেন। রাসুলুল্লাহ (সা.) বললেন, এটি করবে, এটি করবে এবং চলাচলের পথ থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করবে।’ (সহিহ মুসলিম, হাদিস: ৬৫৬৮)

আরেক হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ইমানের সত্তরের অধিক শাখা রয়েছে। এসবের মধ্যে সর্বোত্তম শাখা ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলা, আর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া।’ (সহিহ মুসলিম, হাদিস: ৩৫)