রোজা রেখে এন্ডোসকপি করা যাবে?

এন্ডোসকপির পাইপের মাধ্যমে পাকস্থলীতে ওষুধ, পানি ইত্যাদি যদি না দেওয়া হয়, তবে শুধু এন্ডোসকপির কারণে রোজা ভাঙবে না। তবে এন্ডোসকপি করার সময় পাইপে তরল ওষুধ ব্যবহারের পর সেটি যদি পেটে থেকে যায়, তাহলে রোজা ভেঙে যাবে। (আলমুহিতুল বুরহানি, খণ্ড: ৩, পৃষ্ঠা: ৩৪৮; জাদিদ ফিকহি মাসায়েল, খণ্ড: ১, পৃষ্ঠা: ১২৬)
ফাতাওয়া আলমগিরিতে আছে, ‘কেউ কোনো গোশতের টুকরা সুতা দিয়ে বেঁধে গিলে ফেলল। এরপর গোশতের টুকরা টান দিয়ে বের করে নিয়ে আসা হলে রোজা ভাঙবে না।’ (ফাতাওয়া আলমগিরি, খণ্ড: ২, পৃষ্ঠা: ২০৪)
এন্ডোসকপি করার সময় রক্ত বা ময়লার কারণে পাইপের বাল্ব প্রায়ই ঘোলাটে হয়ে যায়। আবার টেস্টের প্রয়োজনে কখনো পাইপের ভেতর দিয়ে পানি ছিটানো হয়। এমনটি করলে রোজা ভেঙে যাবে। (বাদায়েউস সানায়ে, খণ্ড: ২, পৃষ্ঠা: ৯৩; ফাতাওয়া হিন্দিয়া, খণ্ড: ১, পৃষ্ঠা: ২০৪)
একান্ত প্রয়োজন ছাড়া রমজানে রোজা রেখে দিনের বেলায় এন্ডোসকপি না করা ভালো। এটি রাতে করাই উত্তম।
ইসলামের পাঁচটি মূল ভিত্তির তৃতীয়টি হলো রোজা। ইসলামি বিধান অনুসারে প্রাপ্তবয়স্ক এবং সুস্থ প্রত্যেক মুসলিমের জন্য রমজানের রোজা রাখা ফরজ। আল্লাহ, ‘হে মুমিনরা, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের আগের মানুষের ওপর। যেন তোমরা আল্লাহভীরু হতে পারো।’ (সুরা বাকারা, আয়াত: ১৮৩)